চট্টগ্রামে চালু হয়েছে বিদেশগামী কর্মীদের জন্য আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) কার্যক্রম। ঢাকার বাইরে প্রথমবারের মতো এ কার্যক্রমকে সম্প্রসারিত করা হলো। চট্টগ্রাম বিভাগ ও এর আশপাশের জেলাগুলোর বিপুলসংখ্যক বিদেশগামী কর্মীর আঙুলের ছাপ দেওয়ার সুবিধার্থে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই প্রযুক্তিসেবা চালু করেছে। জাল ও ভুয়া পাসপোর্টের মাধ্যমে দেশের বাইরে গিয়ে বিদেশগামী কর্মীদের যাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। এতে করে আঙুলের ছাপের মাধ্যমে প্রকৃত পাসপোর্টধারী ব্যক্তিকে সহজে শনাক্ত করা সম্ভব। গত বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ল্যাপটপের বোতাম টিপে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম। তিনি বলেন, এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়ন আরও এক ধাপ এগিয়ে গেল। একই সঙ্গে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের একটি দাবি মেটানো সম্ভব হয়েছে। কারণ এখান থেকেই বিপুলসংখ্যক কর্মী বিদেশে পাড়ি জমান। অথচ এর আগে আঙুলের ছাপ দেওয়ার জন্য তাঁদের ঢাকায় ছুটে যেতে হতো। এতে তাঁদের অর্থ ও সময়ের অপচয় হতো। এখন এসব ভোগান্তি থেকে তাঁরা রেহাই পাচ্ছেন। উল্লেখ্য, এর আগে আঙুলের ছাপ দেওয়ার জন্য সারা দেশের বিদেশগামী কর্মীদের যেতে হতো ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে। বর্তমানে এই সেবা সম্প্রসারণের ফলে চট্টগ্রাম বিভাগ ও এর আশপাশের জেলাগুলোর বিদেশগামী কর্মীরা এই সেবা পাবেন আগ্রাবাদের সরকারি কার্যভবন-২ (সিজিও ভবন) জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে। অফিস চলাকালীন সরকারি কার্যদিবসে এই সেবা দেওয়া হবে। অবশ্য কেউ চাইলে ঢাকায় গিয়েও আঙুলের ছাপ দিয়ে আসতে পারবেন।বিএমইটি সূত্রে জানা গেছে, বিদেশে কাজ করতে আগ্রহী কর্মীদের প্রথমে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নাম নিবন্ধন করতে হয়। এরপর তাঁরা যখন ভিসা হাতে পান তখন তাঁদেরকে বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র (স্মার্ট কার্ড) নিতে হয়। আর এই ছাড়পত্র নেওয়ার জন্য আঙুলের ছাপ দিতে হয়। এর জন্য কোনো ফি দিতে হয় না। তবে আঙুলের ছাপ দেওয়ার সময় ভিসা ও চুক্তিপত্রের কপি, পাসপোর্টের কপি এবং চাকরিপ্রার্থীর নিবন্ধন কার্ড দেখাতে হবে। পরিষ্কার হাতে আঙুলের ছাপ দিতে হবে।