হয়রানি নেই, ঝামেলাবিহীন কর পরিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষোলশহর এলাকায় চান্দগাঁও সার্কেল ভূমি কার্যালয়ে ভূমি উন্নয়ন কর মেলায় আসা লোকজনকে নানা বিষয়ে পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা l প্রথম আলো
ষোলশহর এলাকায় চান্দগাঁও সার্কেল ভূমি কার্যালয়ে ভূমি উন্নয়ন কর মেলায় আসা লোকজনকে নানা বিষয়ে পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা l প্রথম আলো

নগরের উত্তর কাট্টলীর বাসিন্দা উজ্জ্বল কান্তি দে। কাট্টলীতে ৮০ শতক ভূমির মালিক তিনি। ভূমি কার্যালয়ে যাওয়ার অনীহায় দিচ্ছি-দেব করে গত ছয় বছর জমির খাজনা পরিশোধ করেননি। সম্প্রতি পত্রিকায় চান্দগাঁও সার্কেলে ভূমি উন্নয়ন কর মেলার বিজ্ঞপ্তি দেখে মেলার প্রথম দিনই হাজির হন। কোনো ধরনের হয়রানি ছাড়া বিনা ঝামেলায় খুব অল্প সময়েই খাজনা দিতে পেরে বেশ খুশি তিনি। বললেন, প্রতিবছর নিয়ম করে মেলাটা হলে ভালো হবে। এখানে এসেই খাজনা দিতে পারব।
১৩ জুলাই নগরের ষোলশহর এলাকায় চান্দগাঁও সার্কেল ভূমি কার্যালয়ে শুরু হয় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা। পরে শুক্রবার মেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়। সে হিসাবে মেলাটি আজ রোববার বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। চান্দগাঁও সার্কেল ভূমি কার্যালয় এ মেলার আয়োজক। বাংলাদেশে এ ধরনের মেলা এটিই প্রথম বলে জানান আয়োজকেরা। ভূমি কার্যালয় ও এর সেবা সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা ও হয়রানি দূর করা এই মেলার প্রধান উদ্দেশ্য।
প্রথম মেলার সাফল্যে সন্তুষ্ট চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমীন। ভূমি কর মেলার মূল পরিকল্পনাকারী তিনি। প্রথম আলোকে তিনি বলেন, ‘ভূমি কার্যালয়গুলো সম্পর্কে মানুষের একধরনের নেতিবাচক ধারণা আছে। আবার ভূমি অাইন সম্পর্কেও সাধারণ মানুষ তেমন কিছু জানেন না। ফলে অনেকেই দালাল চক্রের খপ্পরে পড়েন, ভূমি অফিসের কেউ কেউ এ সুযোগ নিয়ে ভূমির মালিকদের হয়রানি করেন। সাধারণ মানুষের কাছে সহজে ভূমিসংক্রান্ত সেবা পৌঁছে দিতেই এ মেলার পরিকল্পনা করি। আশা করছি, এটি ধীরে ধীরে সারা দেশে উপজেলা পর্যায়েও অনুষ্ঠিত হবে।’
সহকারী কমিশনার আরও বলেন, ভূমির ওপর যে কর নির্ধারণ করা আছে তা খুব সামান্য। বছর বছর সেটি পরিশোধ করে ফেললে ঝামেলা হয় না। কিন্তু অনেকেই নিয়মিত আসেন না। খাজনা পরিশোধ করতে ভূমির মালিকেরা আইনগতভাবে বাধ্য।
চান্দগাঁও সার্কেল ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, এই সার্কেলের আওতাধীন তিনটি ভূমি কার্যালয় আছে। এগুলো হচ্ছে ষোলশহর, চান্দগাঁও ও কাট্টলী। এই সার্কেলের আওতাধীন ১৯টি মৌজায় ভূমির মালিকের সংখ্যা ৪০ হাজার ১৮৭। বছরে খাজনা নির্ধারিত আছে ১৯ কোটি ১১ লাখ ৭৬ হাজার টাকা। বিপরীতে গত ২০১৫-১৬ অর্থবছরে খাজনা আদায় করা গেছে ৯ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা।
ভূমি কার্যালয় সূত্র জানায়, প্রতি শতক জমির ওপর সরকার–নির্ধারিত করের পরিমাণ হচ্ছে বছরে আবাসিকে ৬০, শিল্পে ১৫০ ও বাণিজ্যিক হলে ৩০০ টাকা।
মেলায় প্রথম তিন দিনে ৬২০ জন ভূমি–মালিক প্রায় ৫২ লাখ টাকা খাজনা পরিশোধ করেছেন। ভূমিসংক্রান্ত পরামর্শ নিয়েছেন ৩৭০ জন আর নামজারির আবেদন করেছেন ৯৭ জন।