হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে চৌমুহনী এলাকার একটি দোকান থেকে ডেস্কটপ কম্পিউটার কিনেছিলেন আগ্রাবাদ এলাকার আসিফ আহমেদ। তাঁকে এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাও দেওয়া হয়। কিন্তু মাসখানেক পর তিনি মনিটরের সমস্যা নিয়ে বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে গেলে তাঁকে হয়রানির শিকার হতে হয়। আসিফ অভিযোগ করে বলেন, ‘আমাকে প্রথমে সপ্তাহখানেক পরে যোগাযোগ করতে বলা হয়। এক সপ্তাহ পর বলা হয়, মনিটরটি ঢাকা পাঠানো হয়েছে, এক সপ্তাহ পর পাওয়া যাবে। এর পর আরও এক সপ্তাহ কেটে গেছে। কিন্তু এখনো মনিটরটি বুঝে পাইনি।’ লালখান বাজার এলাকার আর এক ভুক্তভোগী রায়হান চৌধুরী বলেন, ‘আমি একটি ডিজিটাল ক্যামেরা কিনেছি জিইসি মোড় এলাকার একটি প্রতিষ্ঠান থেকে। কিন্তু ওয়ারেন্টির সময় পেরোনোর অনেক আগেই যান্ত্রিক ত্রুটির কারণে ক্যামেরাটি নিয়ে গেলে আমাকে বলা হয়, কেনার সময় কেন দেখে নিলাম না।’রায়হান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঢাকায় কম্পিউটার সমিতিকে জানালে একটা সুরাহা পাওয়া যায়। কিন্তু এখানে তো এ ব্যাপারে অভিযোগ জানানোর মতো কোনো কর্তৃপক্ষই নেই।’ অভিযোগ রয়েছে, গ্যারান্টি কিংবা ওয়ারেন্টির নিশ্চয়তা থাকা সত্ত্বেও বিক্রয়োত্তর সেবা দিতে গড়িমসি করেন নগরের সংশ্লিষ্ট বিক্রেতা প্রতিষ্ঠানের লোকজন।বিষয়টি স্বীকার করেন চট্টগ্রামের একটি প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, ‘কোনো নিয়ন্ত্রণ না থাকায় আমাদের এখানে ক্রেতারা প্রায়ই নানাভাবে প্রতারিত হচ্ছেন, এ কথা অস্বীকার করার উপায় নেই। কখনো দামের ক্ষেত্রে, কখনো মানের ক্ষেত্রে।’ নগরের বিভিন্ন প্রযুক্তিপণ্যের দোকান ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রে যে যার মর্জি মাফিক দাম হাঁকছেন। মান এবং দামের কোনো সামঞ্জস্য এবং নিশ্চয়তা নেই অনেক দোকানে। ভাবখানা এমন, ক্রেতাকে কোনোভোবে পণ্য গছিয়ে দিতে পারলেই হলো। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামে ছোট-বড় মিলে প্রায় সাড়ে ৩০০ প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দামের সামঞ্জস্য ও আস্থার ভিত্তিতে এই ব্যবসা পরিচালনার জন্য কোনো সংগঠন গড়ে ওঠেনি। ভুক্তভোগীদের মতে, এখানে বাংলাদেশ কম্পিউটার সমিতির শাখা গড়ে তোলা হলে ক্রেতারা অন্তত প্রযুক্তিপণ্যের বিক্রয়োত্তর সেবাটুকু পেতেন। বাঁচতেন অহেতুক হয়রানি থেকে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৭ সালে নগরে ‘চিটাগং কম্পিউটার সিটি’ নামে একটি সমিতি গড়ে তোলা হয়। বর্তমানে এই সমিতির তত্ত্বাবধানে নগরের চৌমুহনীতে ‘আরএফ কম্পিউটার সিটি’ নামে প্রযুক্তিপণ্যের একটি বিপণিকেন্দ্র গড়ে উঠেছে। এখানে রয়েছে ৫৪টি প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান। সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুর হোসেন জানান, ‘বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিএসএস) চট্টগ্রাম শাখা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সব রকম প্রস্তুতিও শেষ হয়েছে। আজকের মধ্যে আমরা এ শাখা গঠনের ঘোষণা দিতে পারব আশা করছি।’ তিনি জানান, নতুন সংগঠন যথাযথ গ্রাহকসেবার মাধ্যমে ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চালাবে।