হয়রানির ১০ দিন, প্রতিরোধের এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ৩ নম্বর রুটে (নিউমার্কেট থেকে নন্দীরহাট পর্যন্ত) যাত্রীদের প্রতিদিন মাঝপথে নামিয়ে দিতেন চালকেরা। এ রকম হয়রানির শিকার হয়েও অসহায়ভাবে সহ্য করতে হতো যাত্রীদের। শেষ পর্যন্ত অতিষ্ঠ যাত্রীরা প্রতিরোধ করলেন শুক্রবার। ৩৬টি গাড়ি আটকে রেখে চালকদের কাছ থেকে হয়রানি বন্ধের প্রতিশ্রুতি আদায় করলেন। তাঁরা জানালেন, এবার থেকে যাত্রীদের প্রতিদিন নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। যাত্রীদের অভিযোগ, নিউমার্কেট থেকে নন্দীরহাট পর্যন্ত রুটের হিউম্যান হলারগুলো নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে মাঝপথে। নিত্য ঘটছে এই ঘটনা। আর এ নিয়ে প্রতিদিন বাগবিতণ্ডায় লিপ্ত হচ্ছেন যাত্রী-হিউম্যান হলারের চালক-শ্রমিক। ৮ ডিসেম্বর রাতে বড়দীঘির পার এলাকায় চালক-শ্রমিক ও যাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ৯ ডিসেম্বর ফতেয়াবাদে বিক্ষুব্ধ যাত্রীরা সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সাত ঘণ্টা ৩৬টি হিউম্যান হলার আটকে রাখেন। এ সময় বেশকিছু যাত্রী দুর্ভোগে পড়েন। একই দিন বিকেলে সংশ্লিষ্ট হিউম্যান হলারের মালিক এবং পরিবহন নেতারা যাত্রীদের গন্তব্যে পৌঁঁছে দেওয়ার অঙ্গীকার করে গাড়িগুলো ছাড়িয়ে নেন।রুট পারমিটের শর্ত অনুযায়ী, এসব গাড়ি নিউমার্কেট থেকে হাটহাজারীর নন্দীরহাট পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। কিন্তু দীর্ঘদিন থেকে হিউম্যান হলারের চালক-শ্রমিকেরা তা মানছেন না। চৌধুরীরহাটের বাসিন্দা দীপিকা রায় চাকরি করেন নগরের মেহেদীবাগ এলাকার একটি বেসরকারি সংস্থায়। তিনি বলেন, ‘হিউম্যান হলারে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন কষ্টের মুখোমুখি হচ্ছি। তারা গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে যাত্রীদের নামিয়ে দেয় মাঝপথে।’জানা যায়, ৮ ডিসেম্বর রাতে চৌধুরীরহাট এলাকায় হাতাহাতির ঘটনায় চালক-শ্রমিকেরা ফতেয়াবাদ এলাকার মোহাম্মদ মাসুদ, মো. ইসমাইল, মো. ফারুক নামের কয়েকজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীকে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে পরদিন সকালে গাড়ি আটকের ঘটনাটি ঘটে।গন্তব্যে না যাওয়া প্রসঙ্গে চালক মফিজ মিয়া বলেন, ‘যাত্রী না থাকলে গন্তব্যে যাওয়ার প্রয়োজন মনে করি না। তাই যাই না।’ যাত্রী হয়রানির কথা স্বীকার করে বলেন, ‘এখন থেকে গাড়ি নিয়ে নিয়মিত নন্দীরহাট যাব। ভুল হবে না।’বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মোহাম্মদ হারুন বলেন, ৩ নম্বর রুটে চলাচলের জন্য ৬০টি হিউম্যান হলারকে রুট পারমিট দেওয়া হয়েছে। পারমিট ছাড়াই চলছে আরও ৬০টি। চট্টলা পরিবহন মালিক সমিতি ও মেট্রো সার্ভিস মালিক সমিতি নামে দুটি সংগঠন এসব গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করে।হিউম্যান হলার আটকের বিষয়টি স্বীকার করে চট্টলা পরিবহন মালিক সমিতির সভাপতি গোলাম রসুল বলেন, ‘গন্তব্যে না গেলে ভুক্তভোগী ব্যক্তিরা পুলিশের কাছে সংশ্লিষ্ট হিউম্যান হলারের চালক-মালিকের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। এতে আমাদের আপত্তি নেই।’ একইভাবে মেট্রো সার্ভিস মালিক সমিতির সভাপতি আমজাদ হাজারি বলেন, ‘গন্তব্যে পৌঁছে না দেওয়ার কারণে এই রুটে যাত্রী হয়রানির বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। যাত্রী থাকুক আর না থাকুক, গন্তব্যে যাওয়ার জন্য চালক-শ্রমিকদের নির্দেশ দিয়েছি।’জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মীর গোলাম ফারুক বলেন, ‘যাত্রীদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’