হয়ে গেল ইকেবানা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পলাশিতে ব্যানবেইস ভবনে হয়ে গেল ফুল সাজানো নিয়ে ‘ইকেবানা প্রতিযোগিতা-২০১০’। বাংলাদেশ জাতীয় ইউনেসকো ক্লাব অ্যাসোসিয়েশন ও এশিয়া বুনকা কাইকান দোসোকাইয়ের (এবিকেডি) যৌথ উদ্যোগে ৪ মার্চ দিনব্যাপী ইকেবানার প্রর্দশনী হয়।বৈচিত্র্যময় ও বাহারি সব ফুলের সমাহার দেখা গেল এখানে। বসন্তের ছোঁয়াও পড়েছিল। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ফরিদা ইয়াসমিন তৈরি করেছেন ‘পল্লি অঞ্চলের শহীদ মিনার’। শুধু ফুল ও পাতা দিয়ে শহীদ মিনারের আদল ফুটিয়ে তোলেন তিনি। এর কাছেই বাউল একতারার সুরে বসন্তকে যেন আহ্বান জানাচ্ছে। এমনই ইকেবানা তৈরি করেন আরেক প্রতিযোগী দীপা। শুধু ফুল দিয়ে নয়, পাতার আধিক্যও দেখা গেছে ইকেবানা তৈরিতে, যা ‘সওকা’ নামে পরিচিত। প্রকৃতিকে পাখির আদলে তুলে ধরেছেন এক প্রতিযোগী। অর্কিড, ডালিয়া, রঙ্গন, মান্দার, রজনীগন্ধা, গোলাপ, লিলি, সূর্যমুখীসহ নানা ফুলের ব্যবহার দেখা গেছে। ইকেবানা বিশেষজ্ঞ মালেকা খান জানান, ‘এটি একটি শিল্প, যার মাধ্যম প্রকৃতি। এর প্রতি মানুষের ভালোবাসা তৈরি করা ও মমত্ব বাড়ানো উচিত।স্বাধীনতার মাসে ৩০ লাখ শহীদকে স্মরণ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রকৃতির উপাদান, দেশীয় জিনিসকে ব্যবহার করেই ইকেবানা তৈরি করা যায়। পৃষ্ঠপোষকতা পেলে নিয়মিত এমন আয়োজন করা সম্ভব। তবেই সবাই এ বিষয়ে উত্সাহী হবে।’ পাত্রের উপাদান, ব্যবহার, সাজানোর ভঙ্গিমা, রঙের ব্যবহার, নান্দনিকতা ও বিষয়ের ওপর ভিত্তি করে অংশ নেওয়া ৫৫ জনের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। ‘বৈশ্বিক উষ্ণতা’কে সুন্দর করে উপস্থাপন করেন সানজিদা শাহনাজ। শিমুল গাছের ডাল, ফুল আর কাচের গোল পাত্রকে প্রতীকী পুকুর হিসেবে ব্যবহার করে তিনি এটি তৈরি করেন। বিচারকেরা তাঁকেই ‘ইকেবানা প্রতিযোগিতা ২০১০’-এর বিজয়ী হিসেবে ঘোষণা দেন। তিনি বলেন, ‘এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত। এটি আমাকে সামনের দিনগুলোয় কাজ করতে অনুুপ্রাণিত করবে।’ এ প্রতিযোগিতায় ইয়াসমিন আরা বেগম দ্বিতীয় ও আজমা আহমেদ চৌধুরী তৃতীয় হন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, এবিকেডির সভাপতি মমতাজ উদ্দিন ভূঁইয়া ও বাংলাদেশ জাতীয় ইউনেসকো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরী।