হয়ে গেল করপোরেট সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ১৫তম ব্যাচের কিছু শিক্ষার্থী অনেক দিন ধরে একটা স্বপ্ন মাথায় নিয়ে ঘুরছিলেন। ব্যাপারটা মাথা থেকে নামানোর জন্য তাঁরা একজন আরেকজনের সঙ্গে কথা বলেন। আস্তে আস্তে তাঁদের দল ভারী হয়। একসময় স্বপ্নটা কীভাবে কীভাবে যেন ছড়িয়ে পড়ে পুরো প্রতিষ্ঠানে। শিক্ষকেরা তাঁদের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন। আর তাতেই প্রথমবারের মতো আইবিএতে অনুষ্ঠিত হয় করপোরেট সপ্তাহ-২০১০। আয়োজনটি অক্টোবরের ১ তারিখে শুরু হয়ে শেষ হয় ৮ অক্টোবর। আইবিএ চত্বরে সপ্তাহব্যাপী আয়োজনটিতে অংশ নিয়েছিল দেশের ১৫টি স্থানীয় ও বিদেশি প্রতিষ্ঠান। এই করপোরেট সপ্তাহ-২০১০-এর সমাপনী অনুষ্ঠিত হয় ১১ অক্টোবর। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক জি এম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। অধ্যাপক জি এম চৌধুরী বলেন, ১৯৬৬ সাল থেকে আইবিএ ব্যবসায়িক শিক্ষা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের সব সময়ই একটা চেষ্টা থাকে শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে, যাতে করে তাঁরা পরবর্তী জীবনে কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এই ‘আইবিএ সপ্তাহ-২০১০’ ভবিষ্যৎ ব্যবসায়িক নেতা ও করপোরেট-জগতের মেলবন্ধনে এক অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক হোমায়রা এল আহমেদ বলেন, ‘এটাই ছিল আমাদের প্রথম আয়োজন। এই করপোরেট সপ্তাহে অনেক নামীদামি প্রতিষ্ঠান এসেছিল। তারা তাদের সব ধরনের তথ্য, বাজার ও চাকরির ক্ষেত্র নিয়ে কথা বলেছে। এতে করে শিক্ষার্থীদের সুযোগ তেরি হয়েছে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ভালো করে জানার। এখন ভবিষ্যতে পরিকল্পনা করাটা শিক্ষার্থীদের পক্ষে অনেক সহজ হবে।’ আইবিএ করপোরেট সপ্তাহ-২০১০-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল বাংলালিংক, ব্র্যাক ব্যাংক, বিএটিবি, সিটিসেল, ইবিএল, গ্রামীণফোন, এইচএসবিসি, আইডিএলসি, ম্যারিকো, এমজিএইচ, নোভারটিস, পারটেক্স, রেকিট বেনকিজার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দি সিটি ব্যাংক, ইউনিলিভার, ভিয়েলাটেক্সের মতো প্রতিষ্ঠানগুলো। অনুষ্ঠানের একপর্যায়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে স্মারক প্রদান করা হয়। করপোরেট সপ্তাহ-২০১০-এর আহ্বায়ক ছিলেন ১৫তম ব্যাচেরই শিক্ষার্থী বিধান সরকার। তিনি বলেন, ‘করপোরেট-জগৎ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক তৈরিতে আমাদের এই আয়োজন ছিল অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের আয়োজন থেকে শিক্ষার্থীরা এখনই জানছে চাকরির বাজারে তাদের জন্য কী অপেক্ষা করছে।’ করপোরেট সপ্তাহ-২০১০-এর এই সমাপনী অনুষ্ঠান শেষ হয়ে আসে একসময়। স্বপ্নবাজ তরুণেরা এবার স্বপ্ন দেখেন সামনের বছরে আরও বড় আয়োজনে করপোরেট সপ্তাহ করার।