এক ছাদের নিচেই বিশ্বের নানা ব্র্যান্ডের গাড়ি কেনার সুযোগ! টয়োটা, পাজেরো, টাটা, সুজুকি—এ রকম নানা ব্র্যান্ডের গাড়ির প্রদর্শনী হয়ে গেল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। শুধু তা-ই নয়, এর পাশাপাশি ছিল মোটরসাইকেল, সিএনজি কনভারশন প্রতিষ্ঠান, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ উত্পাদনকারী প্রতিষ্ঠান, লুব্রিকেন্ট প্রতিষ্ঠান ও আমদানিকারক প্রতিষ্ঠানের পণ্যের প্রদর্শনীও। গাড়িপ্রেমীদের এক মেলা বসেছিল সেদিন। আমেরিকার সেমস গ্লোবাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এবং সেমস বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে ‘অষ্টম ঢাকা মোটর শো’। গত ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই মোটর শোতে অংশ নেয় দেশের ও দেশের বাইরের ৮০টি প্রতিষ্ঠান। মোটর শো আয়োজনের উদ্দেশ্যের কথা উল্লেখ করে সেমস গ্লোবাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপক আহমেদ ইমতিয়াজ বলেন, ‘বাংলাদেশে আমরা এমন একটি ব্যবসাক্ষেত্র তৈরি করতে চাই, যাতে করে গ্রাহকেরা নতুন পণ্যের সঙ্গে পরিচিতি লাভ করতে পারেন। তাঁদের চাহিদামতো বিভিন্ন পণ্য সহজেই গ্রহণ করতে পারেন।’