হয়ে গেল টি-শার্ট মেলা
একদিকে বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে উন্মাদনা, অন্যদিকে চলছে অমর একুশে বইমেলা। আর পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস তো আছেই। এসবের সঙ্গে বাড়তি এক মাত্রা যোগ করেছে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের টি-শার্ট মেলা। শীতের বিদায় আর বসন্তের আগমনের এই সময়ে টি-শার্টের চেয়ে আরামদায়ক পোশাক আর কী হতে পারে! তাই বুঝি এই মেলার আয়োজনটাও এই সময়ে। মেলা শুরুর দিন থেকে নানা বয়সের মানুষ এসে জড়ো হয়েছিল মেলাপ্রাঙ্গণে। তবে তরুণদের উপস্থিতিটাই বেশি চোখে পড়েছে। এবারের টি-শার্ট মেলায় টি-শার্টের জমিনে উঠে এসেছে সাম্প্রতিক বেশ কিছু বিষয়। বাংলাদেশে আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট ও এতে বাংলাদেশের অংশগ্রহণ নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে টি-শার্টে। ‘এগিয়ে যাও বাংলাদেশ’ স্লোগান, দলের সঙ্গে বাঘের ছবি, দেশের পতাকায় মোড়ানো বাংলাদেশ ক্রিকেট দল, বিভিন্ন খেলোয়াড়ের ছবিসহ আমাদের ক্রিকেট দলকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে টি-শার্টের মাধ্যমে। এ ছাড়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা, ছবি, কবিতা নিয়ে তৈরি টি-শার্টগুলোয় দেশপ্রেমের চিত্রই ফুটে উঠেছে। এ ছাড়া বিপ্লবী চে গুয়েভারার নানা ধরনের ছবি নিয়ে তৈরি টি-শার্টগুলোও নজর কেড়েছে অনেকের। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি টি-শার্টের সংখ্যাও কম নয়। ‘আজিজ সুপার মার্কেটের বিভিন্ন টি-শার্ট ভিন্ন ভিন্ন বার্তা বহন করে। বিভিন্ন দিবসের টি-শার্ট এখানে পাওয়া যায়। আর তাই এখানকার টি-শার্টই আমার প্রথম পছন্দ।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুর্য্য। ‘টি-শার্ট জীবনের চলমান ক্যানভাস’—এই স্লোগান সামনে রেখে আজিজ সুপার মার্কেটের সব ফ্যাশন হাউস টি-শার্ট মেলায় অংশ নিয়েছিল। এবার এই মেলা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে টি-শার্ট মেলা। পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। মেলার আহ্বায়ক বাহার রহমান বলেন, ‘এই সময়টাতে পয়লা ফাল্গুন, বইমেলাসহ অনেক অনুষ্ঠান থাকে। আর সে জন্যই এবারের টি-শার্ট মেলাতে লোকজনও হয়েছে বেশ।’মেলা উপলক্ষে প্রতিদিনই মেলাপ্রাঙ্গণে ছিল ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।