হয়ে গেল ল্যাপটপ মেলা
রাস্তায় যানজট। সেই জটের সঙ্গে গরমটাও বেশ। গরম আর যানজটের মধ্যেও ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের সামনে গিয়ে দেখা গেল উৎসবের আমেজ। দেয়ালে দেয়ালে বড় বড় ব্যানার; আর সেখানে বিভিন্ন ল্যাপটপের ছবি; একদিকে মানুষ লাইন ধরে ঢুকছে, অন্যদিকে পণ্য হাতে বেরিয়ে আসছে অনেকে—এই ছিল ল্যাপটপ মেলার প্রবেশমুখের চিত্র।এটা ১০ থেকে ১২ জুন হয়ে যাওয়া ল্যাপটপ মেলার কথা। ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার’ নামের এই ল্যাপটপ মেলায় ছিল রকমারি ল্যাপটপ কম্পিউটারের সমাহার। মেলার আয়োজক মেকার কমিউনিকেশন নবমবারের মতো এই ল্যাপটপ মেলার আয়োজন করেছে। ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে এ মেলা শুরু থেকেই ছিল তারুণ্যের পদচারণে মুখর। তরুণদের প্রথম পছন্দ যে ল্যাপটপ, এই মেলায় এসেই তা আরও একবার বোঝা গেল। মেলায় আসুস, তোশিবা, এইচপি, গেটওয়ে, স্যামসাং, লেনোভো, হায়ার, ডেল, ফুজিৎসু, প্রোলিংক, অ্যাপল, এসার, এমএসআই, সনি, কমপ্যাক, গিগাবাইটসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ছিল। এসব ব্র্যান্ডের ল্যাপটপের প্রতিটিতেই ছিল নগদ অর্থ ছাড়। মেলায় ল্যাপটপ কিনতে এসে নটের ডেম কলেজের ছাত্র সুফিয়ান আহমেদ বলেন, ‘অনেক দিন ধরে টাকা জমাচ্ছি ল্যাপটপ কেনার জন্য। মেলা থেকে ল্যাপটপ কেনার কথা চিন্তা করে রেখেছিলাম। কেননা, এখানে অনেক ব্র্যান্ডের ল্যাপটপের মধ্য থেকে পছন্দ করা যায়, আর সঙ্গে সঙ্গে ছাড় পাওয়ার বিষয়টি তো রয়েছেই! তাই পছন্দের ল্যাপটপটা মেলা থেকেই কিনে নিই।’ মেলায় ল্যাপটপের পাশাপাশি দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবির মডেমের দিকেও দর্শকদের বেশ আগ্রহ ছিল। মেলায় ল্যাপটপ বিক্রির সঙ্গে সঙ্গে এর নিরাপত্তার জন্য বিভিন্ন অ্যান্টিভাইরাসের দিকেও দর্শকদের যথেষ্ট আগ্রহ লক্ষ করা গেছে। মেলার দ্বিতীয় দিন মেলা প্রাঙ্গণে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আউট সোর্সিংয়ের ওপর একটি সেমিনারের আয়োজন করেছে। এই সেমিনারে ইন্টারনেটের মাধ্যমে দেশে বসে বিদেশের টাকা আয়ের কৌশল সম্পর্কে নানা ধারণা দেওয়া হয়।মেলার তৃতীয় দিন হরতাল থাকায় দর্শক কিছুটা কম এসেছে। তবে এই দিনও বেশ ল্যাপটপ বিক্রি হয়েছে। মেলার বিভিন্ন তথ্য, নতুন নতুন পণ্যের খোঁজসহ ফেসবুকের মাধ্যমে মেলার বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। মেলার দ্বিতীয় দিনে এইচপি প্যাভিলিয়নে এসেছিলেন ক্রিকেটার তামিম ইকবাল। এখান থেকে ল্যাপটপ কিনলেই তামিম ইকবালের স্বাক্ষরসংবলিত ক্রিকেট ব্যাট ও বিভিন্ন উপহার পেয়েছেন ক্রেতারা।ল্যাপটপ মেলার সমন্বয়ক ফাবিয়ান খান জানান, এবারের মেলায় প্রত্যাশা অনুযায়ী সাড়া পাওয়া গেছে। মেলায় দর্শকও যেমন হয়েছে, তেমনি ল্যাপটপ বিক্রিও হয়েছে বেশ। ভবিষ্যতে ল্যাপটপ মেলা ঢাকার বাইরে বিভিন্ন বড় শহরে আয়োজন করা হবে বলে জানান ফাবিয়ান খান।মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিল দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। এ ছাড়া সহপৃষ্ঠপোষক ছিল এইচপি, আসুস, এসার ও স্যামসাং। মেলার রেডিও পার্টনার ছিল এবিসি রেডিও এফএম ৮৯.২। এ ছাড়া নলেজ পার্টনার এডুমেকার এবং ওয়েব পার্টনার ছিল বিডিজবস।