>

হুমায়ূন আহমেদের পাঠকমাত্রই জানেন, জীবদ্দশায় তিনি কতটা রসিক ছিলেন। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে তাঁর কিছু রস-রসিকতার উদাহরণ তুলে ধরলেন তাপস রায়
নামকরণ
এক মা ছেলের নামের জন্য হুমায়ূন আহমেদের কাছে এসেছেন।
: স্যার, আমার ছেলের একটা নাম রেখে দিন। নামের প্রথম অক্ষর হবে ‘আ’। কারণ, আমার নামের প্রথম অক্ষর ‘আ’। শেষ অক্ষর হবে ‘ল’। কারণ, ছেলের বাবার নামের প্রথম অক্ষর ‘ল’। নামের অর্থ যদি নদী, আকাশ বা মেঘ হয়, তাহলে খুব ভালো হয়। তারচেয়েও বড় কথা, নামটা হতে হবে আনকমন।
হুমায়ূন আহমেদ বললেন, ‘ছেলের নাম রাখো আড়িয়াল খাঁ।’
: আড়িয়াল খাঁ!
: হ্যাঁ, তোমার সব দাবি এই নামে পূরণ হয়েছে। এই নাম শুরু হয়েছে ‘আ’ দিয়ে। শেষ হয়েছে ‘ল’ দিয়ে। নদীর নামে নাম। তা ছাড়া আনকমন তো বটেই।
তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা
হুমায়ূন আহমেদ জগতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা বাল্যবন্ধু উনুর কাছ থেকে পেয়েছেন। উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন: আকাশে উড়োজাহাজ দেখলেই দৌড়ে গাছের নিচে বা ঘরের ভেতর ঢুকে পড়া উচিত। নইলে উড়োজাহাজের যাত্রীদের প্রস্রাব-পায়খানা মাথার ওপর এসে পড়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কারণ, ট্রেনের বাথরুমের মতো প্লেনের বাথরুমেরও নিচে ফুটো।
এরপর থেকেই উড়োজাহাজের শব্দ পেলেই হুমায়ূন আহমেদ বন্ধুদের নিয়ে দৌড়ে গাছের নিচে আশ্রয় নিতেন। একদিন তাদের ওভাবে দৌড়াতে দেখে এক পথচারী জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে?’
: আকাশ থেকে গু পড়ছে।
কী সর্বনাশ! আসমানের গু! শুনে পথচারী নিজেও দৌড়াতে শুরু করলেন।
গাঁজাগাছ
নুহাশ পল্লীর ঔষধি বাগানে গাঁজাগাছ নেই। বৃক্ষমেলার বন বিভাগের স্টলে গাছ আছে জানতে পেরে হুমায়ূন আহমেদ কিনতে গেলেন। কিন্তু সেটা বিক্রির জন্য ছিল না, বিধায় তাকে গাছ না কিনেই ফিরে আসতে হলো। কিন্তু এর মধ্যেই ঘটনা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। হুমায়ূন আহমেদ গাঁজাগাছ খুঁজছেন, জানতে পেরে দলে ভিড়েছেন মনে করে কেউ কেউ বিমলানন্দ পেলেন। আবার অনেকেই বাঁকা চোখে তাকাতে শুরু করলেন।
এর মধ্যে একদিন এক অভিনেতা অতি উত্সাহে দুটি গাঁজাগাছের টব হুমায়ূন আহমেদের বাসায় পাঠিয়ে দিলেন। কিন্তু বিধিবাম! নুহাশ পল্লীতে গাছ লাগানোর পরদিনই চুরি হয়ে গেল। হুমায়ূন আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘যে নিয়েছে তার প্রয়োজন নিশ্চয়ই আমার চেয়েও বেশি। সুতরাং কী আর করা!’
সার্টিফিকেট
একদিন এক যুবক হুমায়ূন আহমেদের সঙ্গে দেখা করতে এল। যুবকের হাতের লেখা অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। হুমায়ূন আহমেদ যুবককে দিয়ে নিজের জন্য রবীন্দ্রনাথের একটা সার্টিফিকেট লিখিয়ে নিলেন। সেখানে লেখা-
শ্রীমান হুমায়ূন আহমেদ,
তোমার কিছু রচনা পাঠ করিয়া বিমলানন্দ পাইয়াছি।
তোমার কিছু শব্দের বানান বিষয়ে আমার কথা আছে।
সাক্ষাতে বলিব।
ইতি
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
ইটের বদলে পাটকেল
সাহিত্য আলোচনার আসরে এক কবি ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাছে জানতে চাইলেন, ‘আপনার সব উপন্যাসই দেখি হয় চার ফর্মায়, নয় পাঁচ ফর্মায় কিংবা ছয় ফর্মায় শেষ হয়। এভাবে ফর্মা হিসাব করে কীভাবে আপনার মাথায় উপন্যাস আসে?’
প্রশ্নের উদ্দেশ্য বুঝতে পেরে হুমায়ূন আহমেদ বিন্দুমাত্র বিচলিত না হয়ে মুচকি হেসে বললেন, ‘ভাই, আপনি যে সনেটগুলো লেখেন, এগুলো তো চৌদ্দ লাইনে লেখেন। আপনার ভাব যদি চৌদ্দ লাইন মেনে আসতে পারে, আমার উপন্যাস ফর্মা হিসাবে এলে অসুবিধা কী?’
সূত্র: হুমায়ূন আহমেদের লেখা আমার ছেলেবেলা, বসন্ত বিলাপ, কিছু শৈশব, রঙ পেন্সিল, বলপয়েন্ট, ফাউনটেনপেন, কাঠপেন্সিল বই এবং ‘অন্যদিন: হুমায়ূন আহমেদ স্মরণ সংখ্যা’ থেকে