১ হাজার ৩৪ ভোটে চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর আহমদ
নূর আহমদ

মাত্র ১ হাজার ৩৪ ভোটে টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নূর আহমদ। তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। দলের ‘বিদ্রোহী’ হওয়ায় নির্বাচনের আগে তাঁকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কারও করা হয়। নূর আহমদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
২২ মার্চ এই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নূর আহমদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৭৪৫ ভোট। তৃতীয় অবস্থানে থাকা বিএনপির প্রার্থী আবদুর রহমান পেয়েছেন ৬৬৬ ভোট।
সেন্ট মার্টিনের জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা ও টেকনাফ কলেজের অধ্যক্ষ শামসুল আলম এর সত্যতা নিশ্চিত করেন। এই ইউনিয়নের ভোটার সংখ্যা ৩ হাজার ৯৪। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৫৫৬।
আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর আহমদ জানান, জনগণের ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে শেখ হাসিনার মুখ উজ্জ্বল করেছেন। এর আগে তিনি দুবার ইউপি সদস্য ছিলেন। টানা ১৯ বছর তিনি সেন্ট মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
সেন্ট মার্টিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ জানান, গতবার ৯০৭ ভোট পেয়ে এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন নুরুল আমিন। এর আগে ৮৮৫ ভোটে চেয়ারম্যান হন তিনি। এত কম ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ দেশের অন্য কোথাও নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, সেন্ট মার্টিনের নয়টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।