মহেশখালীর শাপলাপুর উচ্চবিদ্যালয়ের পাঠদান চলে বারান্দায়
১ হাজার ৪৫০ শিক্ষার্থীর জন্য মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ

১ হাজার ৪৫০ জন শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ মাত্র পাঁচটি। নেই পর্যাপ্ত টুল-বেঞ্চ। ফলে বিদ্যালয়ের বারান্দায় ক্লাস করতে হচ্ছে অর্ধেকেরও বেশি শিক্ষার্থীকে। কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর উচ্চবিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
গত ২৭ ফেব্রুয়ারি বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, ওই বিদ্যালয়ের তিনটি পাকা ভবনে রয়েছে ১১টি কক্ষ। এর মধ্যে শ্রেণিকক্ষ রয়েছে মাত্র পাঁচটি। বিদ্যালয়ের ১ হাজার ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৮০০ শিক্ষার্থীকে বারান্দায় ক্লাস করতে হচ্ছে। এদের বেশির ভাগই আবার বসার জায়গাও পায় না।
বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের কর্মকর্তারা জানান, নতুন ভবন নির্মাণ ও আসবাবপত্রের সংকট দূর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও মাধ্যমিক শিক্ষা অফিসে বারবার ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। সাত-আট বছর ধরে এমন সমস্যা িনয়েই চলছে বিদ্যালয়টি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে বিদ্যালয়টির যাত্রা শুরু হয় বাঁশ আর টিনের তৈরি একটি ঘরে। এরপর শিক্ষার্থী বেড়ে যাওয়ায় ১৯৮৬ সালে টিনের ছাউনি দেওয়া আরেকটি পাকা ভবন নির্মিত হয়। তবে ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে বেড়ার ঘরটি ধসে যাওয়ায় বিদ্যালয়ের দক্ষিণ পাশের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে শুরু হয় পাঠদান। এ ছাড়া ১৯৯৪ ও ২০০৮ সালে একতলাবিশিষ্ট আরও দুটি ভবন নির্মাণের পর ভবনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩। কিন্তু গত কয়েক বছরে শিক্ষার্থীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় দেখা দেয় শ্রেণিকক্ষ–সংকট।
বিদ্যালয় ভবনের বারান্দায় দাঁড়িয়ে অষ্টম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন শিক্ষক সুচিত্র পাল চৌধুরী। এ সময় অর্ধেকেরও বেশি শিক্ষার্থী বসার জায়গা না পেয়ে ক্লাস করছিল দাঁড়িয়ে। সুচিত্র পাল চৌধুরী বলেন, বিদ্যালয়ে ১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। এত বেশি শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই, নেই বসার জায়গা। এ ছাড়া বর্তমানে মাত্র ১২ জন নিয়মিত শিক্ষক আছেন বিদ্যালয়টিতে। নবম শ্রেণির ছাত্রী জোসনা আকতার বলে, শ্রেণিকক্ষ সংকটের কারণে বারান্দায় ক্লাস করতে হচ্ছে। অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে ক্লাস করতে বাধ্য হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, প্রতিবছর এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি ও জেএসসিতে ভালো ফলাফল করছে। কিন্তু ফলাফলের দিক থেকে এই বিদ্যালয় ভালো করলেও উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে। বিদ্যালয়ের তিনটি ভবনে ১১টি কক্ষ রয়েছে। তার মধ্যে অফিস, বিজ্ঞান ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব ও পাঠাগারের জন্য ছয়টি কক্ষ ব্যবহৃত হয়। বাকি পাঁচটি কক্ষে চলে ১০টি শ্রেণির পাঠদান। এ কারণে বাধ্য হয়ে বারান্দায় শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। আর বেঞ্চ সংকটের কারণে অন্তত ৫০০ শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুল ইসলাম বলেন, নতুন ভবন আর বেঞ্চ সংকটের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ধরনা দিয়েও কাজ হয়নি। এতে শিক্ষকদের পাঠদান করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
জানতে চাইলে ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘শ্রেণিকক্ষ সংকটের কারণে শাপলাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বারান্দায় ক্লাস করছে বলে শুনেছি। জরুরি ভিত্তিতে বিদ্যালয়ে নতুন একটি ভবন তৈরি করে দেওয়া হবে। এ ছাড়া আসবাবপত্রের সংকট দূর করার জন্যও উপজেলা প্রকৌশলীর কার্যালয়কে বলা হয়েছে।’