১০ অভ্যাসে ইতিবাচক পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পুরোনো বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে দেখা করে মজার কোনো স্মৃতি নিয়ে কথা বলতে পারেন। মডেল: এলভিন, জিনিয়া ও কুমকুম হাসান। ছবি: অধুনা
পুরোনো বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে দেখা করে মজার কোনো স্মৃতি নিয়ে কথা বলতে পারেন। মডেল: এলভিন, জিনিয়া ও কুমকুম হাসান। ছবি: অধুনা

ছোট ছোট অভ্যাসেই মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়। হুট করে একদিন সকালে নিজেকে ইতিবাচক মানুষ হিসেবে কল্পনা করা আসলে বিলাসিতা। অল্প অল্প করে কয়েক মুহূর্ত ব্যয় হয় এমন অভ্যাসের ফলাফলই ইতিবাচক জীবনধারা, লাইফস্টাইল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও লেখালেখির সঙ্গে যুক্ত গোলাম রাব্বী বলেন, হুট করেই জীবন বদলে ফেলা যায় না। ছোট ছোট অভ্যাসে আমাদের মনের পরিবর্তন হয়, তখনই জীবনে পরিবর্তন আসে।
বাস্তব বিষয়ে জ্ঞান ও তথ্য বিনিময়ের ওয়েবসাইট কোরা ডটকমে সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে এমন দশটি অভ্যাসের কথা বলা হয়েছে যেগুলো জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সেগুলো দেখে নেওয়া যাক।

দিনে একজন অপরিচিত মানুষের সঙ্গে গল্প করা
দিনের যেকোনো সময় অপরিচিত কোনো মানুষের সঙ্গে কথা বলা যেতে পারে। কথা বলা যেন বিরক্তিকর না হয় সেদিকে খেয়াল রাখুন।

বিখ্যাত কাউকে বার্তা পাঠান!

দিনে বিখ্যাত কোনো মানুষকে টুইট কিংবা ফেসবুকে বার্তা কিংবা ই-মেইল করুন। ৯৯ শতাংশ নিশ্চিত থাকুন—উত্তর পাবেন না, কিন্তু পরিসংখ্যান বলে বছরে চারবার কোনো না কোনো তারকা আপনার বার্তার উত্তর দেবেন।


উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী কাউকে ই-মেইল করুন

দিনের যেকোনো সময় আপনার এলাকার কোনো উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীকে ই-মেইল করুন। চাকরির জন্য নয়, তাঁকে তাঁর ব্যবসার কথা জিজ্ঞেস করে লিখুন। নতুন কোনো ব্যবসার ধারণা কিংবা উদ্যোক্তার প্রিয় বইয়ের কথা জানতে চান।

পুরোনো কোনো বন্ধুকে স্মরণ করুন

‘তোর মনে আছে? ওই যে...’ স্কুল বা বিশ্ববিদ্যালয় জীবনের কোনো বন্ধুর সঙ্গে দেখা করে মজার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিন।

যাকে অনুসরণ করেন, তাঁকে খেয়াল করুন

যে ব্যক্তিত্বের লেখা কিংবা ফেসবুক/ইনস্টাগ্রামের পোস্ট আপনাকে ইতিবাচক ধারণা দেয়, দিনে অন্তত একবার তাঁর লেখা পড়ুন।

‘আমি অসাধারণ’, ‘এই মুহূর্তই আমার বর্তমান-ভবিষ্যৎ’

চলার পথে, কিংবা একাকী যেকোনো সময় নিজের মনে মনে বলুন, ‘আমি অসাধারণ’, ‘এই মুহূর্তই আমার বর্তমান-ভবিষ্যৎ’। এতে নিজের ওপরে আত্মবিশ্বাস তৈরি হয়।


সকালে আয়নায় নিজেকে দেখুন

প্রতিদিন সকালে নিজেকে আয়নায় দেখুন, শুভ সকাল বলুন নিজেকে। আর দিনের যেকোনো সময় নিজের কোনো কাজ নিয়ে আনমনে হাসুন। আপনি যে নিজেকে গুরুত্ব দিচ্ছেন এ ধরনের আচরণ তা আপনার অবচেতন মনকে ইতিবাচক ভাবে নাড়া দেবে।

কাজ করুন ঘড়ি ধরে

পত্রিকা পড়ছেন, বাজারে যাবেন কিংবা চা-কফি খাবেন—সবকিছুই করুন সময় ধরে। সকালে বিছানা থেকে নামতে ২ মিনিট, গোসল করতে ৫ মিনিট, নাশতা ১০ মিনিট, পত্রিকা পড়া ১০ মিনিট—এভাবে নিজের মধ্যে ‘স্টপওয়াচ মনোভাব’ তৈরি করুন।

দেখুন ও লিখুন

প্রতিদিন নিয়ম করে অন্তত ৫ থেকে ৮ মিনিট যেকোনো ওয়েবসাইট থেকে ইতিহাস, বিজ্ঞান কিংবা নিজের কাজ-সংশ্লিষ্ট ভিডিও লেকচার, অ্যানিমেশন দেখুন। যা দেখবেন তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কাগজে লিখুন। যা যা লিখবেন, তা কিন্তু অনেক দিন মনে থাকবে।

অপ্রত্যাশিত কিছু চাইতে শিখুন!

নিজের আশপাশের মানুষদের প্রতিদিন চমকে দিন ভিন্ন রকম কিছু চেয়ে। সেই চাওয়াটা টাকা-পয়সা কিংবা বস্তুগত কোনো চাওয়া না। দারোয়ানকে তাঁর দেশের বাড়ি থেকে আম কিনে এনে দিতে বলুন! অফিসের সহকর্মীর কাছ থেকে ধন্যবাদ কিংবা হাসি চাইতে বই উপহার দিন।

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান