১০ কক্ষে ৯০০ শিক্ষার্থীর পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজিরহাট জে এম আহমদিয়া আলিয়া কামিল মাদ্রাসায় কক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। বর্তমানে মাদ্রাসায় পাঠদানকক্ষ ১০টি, শিক্ষার্থীর সংখ্যা ৯০০। এক বেঞ্চে গাদাগাদি করে বসতে হয় পাঁচ থেকে সাতজনকে। পাঠদান করতে হিমশিম খান শিক্ষকেরাও।মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্র জানায়, ১৯৩৯ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। তখন ধনাঢ্য ব্যক্তিদের আর্থিক সহায়তা ও মুষ্টিচালের টাকায় একই বছর ১৪ কক্ষের একটি দোতলা ভবন নির্মাণ করা হয়। কিন্তু ওই ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত জুন মাসের প্রথম সপ্তাহ থেকে পাঠদান বন্ধ রয়েছে। তবে তিনটি কক্ষে অফিসের কার্যক্রম চলে। এদিকে ১৯৯৫ ও ২০১০ সালে শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ বিভাগের অর্থায়নে প্রতিটি পাঁচ কক্ষের আরও দুটি দোতলা ভবন নির্মিত হয়। ওই ভবনগুলোতেই এখন চলছে নিয়মিত পাঠদান। মাদ্রাসাটিতে ইবতেদায়ি (প্রাথমিক) থেকে কামিল (এমএ) পর্যন্ত পাঠ্যসূচি রয়েছে।মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, শ্রেণীকক্ষ সংকটে পাঠদানে শিক্ষকদের গলদঘর্ম হতে হয়। ফাজিল-কামিল শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও ইবতেদায়ি-দাখিল পর্যায়ে এক কক্ষে গড়ে ১০০ জন ছাত্র থাকে। শ্রেণী কার্যক্রম ভাগ করে চালাতে হয়। কক্ষ-সংকট দূর করতে পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, নতুন ভবনের শ্রেণীকক্ষে ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী হওয়ায় গরমে হাঁসফাঁস অবস্থা। শিক্ষকেরাও ক্লান্ত হয়ে পড়ছেন। পুরোনো ভবনে দেখা যায়, দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। কয়েকটি কক্ষে ভেঙে পড়া অংশে কর্তৃপক্ষ সিমেন্টের আস্তরণ দিয়ে প্রলেপ দিয়েছে। সিঁড়িতেও রয়েছে একাধিক ফাটল।মাদ্রাসার কার্যালয় সহকারী কাজী মোরশেদুল আলম বলেন, ‘কিছুদিন আগে দেয়ালের পলেস্তারা পড়ে আমি নিজেও আহত হয়েছি। প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থেকে কাজ করতে হয়।’ মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র আনিসুর রহমান বলেন, ‘পুরোনো ভবনটিতে পাঠদান বন্ধ হওয়ার পর আমাদের কষ্ট বেড়ে গেছে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুলচন্দ্র নাথ বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার পরও পাঠদান চালিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না। বড় দুর্ঘটনা এড়াতে পাঠদান বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, শিগগির পুরোনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।