
খাবার হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে মাশরুম। বাংলাদেশে অনেক স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাশরুম চাষ করা হচ্ছে। এসব মাশরুম অত্যন্ত পুষ্টিকর খাবার। কিন্তু মাশরুমের আকৃতি কত বড় হতে পারে?
১০ কেজির বেশি ওজনের বিশাল আকৃতির মাশরুমের খোঁজ পাওয়া গেছে স্কটল্যান্ডের পলমন্ট শহরের ফলকির্ক এলাকায়। ফলকির্ক কাউন্সিলের বনের রেঞ্জার ফিউনা উইসার্ট খামারে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি বৃহদাকৃতির মাশরুম দেখতে পান। সেটির ওজন প্রায় সাড়ে ১০ কেজি এবং পরিধি দেড় মিটারের বেশি। এমন আকৃতির মাশরুম দেখে তিনি তো অবাক। তবে এই আনন্দ ভাগ করতে ভোলেননি তিনি। মাশরুমটি ভাগ করে নেন ১৫ জন সহকর্মীর সঙ্গে।
উইসার্ট বলেন, ‘মাশরুমটি এত ভারী ও বিশাল আকৃতির ছিল যে তা আমার একার পক্ষে বহন করা সম্ভব হয়নি। পরে সহকর্মীদের ডেকে এনে সেটি অফিসে নিয়ে যাওয়া হয়।’
বিশাল মাশরুমটির সঙ্গে ছবি তুলতে ভোলেননি উইসার্ট। মাশরুমটি রান্না করে খেয়েছেন তাঁরা। এত বড় মাশরুম খাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে প্রত্যেকেই জানিয়েছেন, এটি ছিল বেশ সুস্বাদু।
উইসার্ট বলেন, ‘এটা খেতে সুস্বাদু লেগেছে। আমার জীবনে দেখা সবচেয়ে বড় মাশরুম এটি।’
মাশরুম একধরনের ছত্রাক। অন্যান্য উদ্ভিদের মতো মাশরুমের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরির জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না। বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে খাদ্যোপযোগী মাশরুম। পুষ্টিকর খাবার হিসেবে এর চাহিদা এবং উৎপাদন বেড়েই চলেছে।