
শহরের বুকে গড়ে ওঠা পার্কটি সব সময় ব্যস্ত। একদল মানুষ উঠে গেলে অন্য দল এসে বসে। নরম ঘাসের পরশ আর শীতল বাতাসের লোভে প্রায়ই পার্কে যাই। সেদিনের বিকেলে আমি ও আমার বন্ধু ফিরোজ আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দুজনের দৃষ্টি গেল কুলফি আইসক্রিমের দিকে। অপেক্ষা না করে আইসক্রিমওয়ালাকে দুটো কুলফি দিতে বললাম। একটা আইসক্রিম আমার হাতে দিয়েছে, তখনই বাদামের ডালা গলায় ঝুলিয়ে হাজির হলেন এক বাদামওয়ালা। চাপা স্বরে বললেন, ‘বাদাম লাগবে মামা’। আমি ‘না’ উত্তর দিলাম। পরক্ষণেই আমার মনে হলো বাদামওয়ালাকেও একটা আইসক্রিম খাওয়াই। তাঁকে দাঁড় করিয়ে আরও একটা আইসক্রিম দিতে বললাম। বাদামওয়ালা আইসক্রিমওয়ালাকে থামিয়ে দিয়ে বললেন, ‘মামা আমাক আইসক্রিম দেওয়া লাগবি না, আমাক আপনি আইসক্রিমের ওই ১০ ট্যাকা দিয়ে দ্যান।’ আমি বললাম, ঠিক আছে আপনাকে ১০ টাকাও দিচ্ছি, আবার আইসক্রিমও দিচ্ছি। বাদামওয়ালা আবার আইসক্রিমওয়ালাকে থামিয়ে দিয়ে বললেন, ‘মামা আইসক্রিম লাগব না, আমাক আপনি এই আইসক্রিমের ট্যাকা আর আগের আইসক্রিমের ট্যাকা মিলে ২০ ট্যাকা দিয়া দ্যান, আইসক্রিম লাগব না।’ আমি এবার আর চুপ থাকতে পারলাম না। প্রচণ্ড রাগে মনে হচ্ছিল বাদামের ডালাটা ঢেলে দিই তাঁর মাথায়। নিজেকে কোনোমতে নিয়ন্ত্রণ করে বেশ নরম ও উপহাসের স্বরে বললাম, ‘দুঃখিত মামা, আমি আপনাকে টাকা কিংবা আইসক্রিম কোনোটাই দিতে পারছি না।’ আচমকা এমন কথায় মুহূর্তেই বাদামওয়ালার মুখ কালো হয়ে গেল। ‘ঠিক আছে’ বলে বাদামওয়ালা বিদায় নিলেন।
তারও বেশ কিছুদিন পর আরও কয়েকজন বন্ধু মিলে বসেছিলাম পার্কে। বেশ কিছু সময় গল্প করার পর খেয়াল করলাম, সেই বাদামওয়ালা মামা উপস্থিত। আমি তাঁকে কাছে ডেকে নিলাম। তিন বন্ধু ঠোঙাভরে বাদাম নিলাম। এক ফাঁকে সেদিনের প্রসঙ্গ টানতেই বাদামওয়ালা কিছুটা সময় চুপ মেরে গেলেন। তারপর বললেন, ‘মামা, আমি গরিব মানুষ, ১০ ট্যাকা দিয়ে আইসক্রিম খাওয়াডা আপনাগো কাছে কিছু না হতি পারে কিন্তু আমাগো কাছে ম্যালা কিছু। ১০ ট্যাকায় আপনাগো সংসারে কিছুই হয় না, আমাগো সংসারে অনেক কিছুই হয়। আগের দিন আপনে যহন আইসক্রিম দিচ্ছিলেন, সে সময় আমি ভাবতে ছিলাম আপনের আইসক্রিমের বদলে যদি ১০ ট্যাকা নিই তালি পড়ে আপনের দেওয়া ১০ ট্যাকা আর আমার কাছের ট্যাকা দিয়ে ওই দিনের চাল-ডাল কিনবার পারব। আপনে যহন আবারও আইসক্রিম দিবার কথা কইলেন, তহন আমি ভাবতেছিলাম, দুইটা আইসক্রিমের দাম ২০ ট্যাকাই যদি দ্যান, তাইলে পোলার লাইগা একখান অ আ ক খ বই কিনবার পারব। তাই সেদিন আইসক্রিম না নিয়ে টাকাটাই নিতে চাইছিলাম।’ বাদামওয়ালার কথাগুলো শুনে আমার মাথা নিচু হয়ে গেল। সেদিনের সেই ব্যবহারের জন্য নিজেকে অনেক বড় অপরাধী মনে হলো। আমার কাছে যেটা উপহাসের বস্তু, বিরক্তিকর আর লোভ মনে হয়েছিল, সেটা আসলে ছিল কয়েকটা ছিন্নমূল, অনাহারে, অনাদরে কাটানো মানুষের জীবনসম্বল কুড়ানোর নিছক ছলনামাত্র।
খালেদুর রহমান
হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি এম এম কলেজ যশোর।