১০ দিন ধরে বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের তিনটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় সদরের গোলাবাড়ি, কৃষি-গবেষণা এলাকা ও ভাইবোনছড়ার কয়েক শ গ্রাহক ১০ দিন ধরে বিদ্যুৎ পাচ্ছেন না। ট্রান্সফরমারগুলো কবে নাগাদ ঠিক হবে এবং বিদ্যুৎ সরবরাহ করা হবে তা-ও নিশ্চিত করে বলতে পারছে না বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগ ও গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাগড়াছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি এলাকার ট্রান্সফরমারটি নষ্ট হয় ৭ জুন। এ ট্রান্সফরমার নষ্ট হওয়ার কারণে বিদ্যুৎ পাচ্ছেন না দক্ষিণ গোলাবাড়ি, কালাডেবা, বটতলী ও ফুটবিল গ্রামের গ্রাহকেরা। একই দিন খাগড়াছড়ি সদরের কৃষি-গবেষণা এলাকার ট্রান্সফরমারটিও নষ্ট হয়ে যায়। এ কারণে বিদ্যুৎ পাচ্ছেন না প্রতাপপাড়া, তংথাকপাড়া ও ধর্মঘর এলাকার গ্রাহকেরা। খাগড়াছড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা জানান, বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ে কম্পিউটার চালানো যাচ্ছে না। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।খাগড়াছড়ি ভাইবোনছড়া এলাকার ট্রান্সফরমারটিও সম্প্রতি নষ্ট হয়ে যায়। এ কারণে বিদ্যুৎ পাচ্ছেন না দেওয়ানপাড়া, রতনজয়পাড়া, আর্মি ক্যাম্প এলাকা ও মুনিগ্রাম হাইস্কুল এলাকার বাসিন্দারা। এসব এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয়ে এসে ধরনা দিলেও কবে নাগাদ বিদ্যুৎ-সংযোগ পাওয়া যাবে তা জানতে পারেননি। কৃষি-গবেষণা এলাকার গ্রাহক রিপ্রুচাই মারমা ও কণিকা দেওয়ান জানান, কবে বিদ্যুৎ সরবরাহ করা হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মচারী গ্রাহকদের কাছ থেকে ট্রান্সফরমার মেরামতের জন্য টাকা চাইছেন বলে তাঁরা অভিযোগ করেন।এদিকে, বিদ্যুৎ-সংযোগ চালুর দাবিতে ১৩ জুন বুধবার খাগড়াছড়ি সদরের বটতলী এলাকার গ্রাহকেরা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আশ্বাসের পর তাঁরা অবরোধ তুলে নেন।এ ব্যাপারে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী অতিক্রম চাকমা জানান, খাগড়াছড়ি এলাকাটি বজ্রপাতপ্রবণ এলাকা হওয়ায় বজ্রপাতে বর্ষা মৌসুমে কোনো না কোনো ট্রান্সফরমার নষ্ট হয়। নষ্ট ট্রান্সফরমারগুলো চট্টগ্রামের আঞ্চলিক কারখানায় মেরামত করা হয়। একটি ট্রান্সফরমার মেরামত করে পুনঃস্থাপন করতে ন্যূনতম ১৫-২০ দিন সময় লাগে। খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত কোনো ট্রান্সফরমারও নেই যা দিয়ে জরুরি পরিস্থিতি সামাল দেওয়া যায়। তিনি জানান, গত ১১ জুন খাগড়াছড়ি সদরের তিনটিসহ মোট ছয়টি ট্রান্সফরমার মেরামতের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। সেই ট্রান্সফরমারগুলো মেরামতের কাজ কখন শেষ হবে তা তিনি জানেন না।