এনালগ মিটারের পরিবর্তে ডিজিটাল মিটার বসানোর উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ জন্য বিজ্ঞপ্তি (নোটিশ) পাঠিয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিদ্যুৎ উপকেন্দ্রের অধীন দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার গ্রাহকদের কাছে। এতে বলা হয়েছে, চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে ডিজিটাল মিটার কিনে কার্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় সংযোগ কেটে দেওয়া হবে। হঠাৎ এ রকম বিজ্ঞপ্তি পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা।গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, এপ্রিলের বিলের সঙ্গে দীঘিনালা উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমার সই করা এ বিজ্ঞপ্তি দেওয়া হয়। চংড়াছড়ি এলাকার গ্রাহক জয়নাল আবেদীন জানান, ‘একে তো ঠিকমতো বিদ্যুৎ পাই না। তার ওপর আবার ডিজিটাল মিটার বসানোর বিজ্ঞপ্তি!’ তিনি জানান, বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করলে তাঁকে ডিজিটাল মিটারের জন্য দুহাজার টাকা জমা দিতে বলা হয়। কবাখালী ইউনিয়ন পরিষদের সদস্য বোরহান উদ্দিন জানান, ‘চিন্তায় আছি ডিজিটাল মিটার না বসালে যদি বিদ্যুৎসংযোগ কেটে দেয়। আমাদের তো বিদ্যুতের প্রয়োজন।’ কাঁঠালতলী এলাকার সুজিত বড়ুয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিদ্যুৎ বিভাগ ঠিকমতো গ্রাহকসেবা দেবে না, অথচ গ্রাহকদের ওপর নতুন বোঝা চাপিয়ে দেবে—এ কেমন কথা।’ উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘বিদ্যুৎ বিভাগে খাম্বা দুর্নীতি বন্ধ হওয়ায় এখন ডিজিটাল মিটার দুর্নীতির নতুন ফর্মুলা বের করেছে।’ দীঘিনালা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বিজ্ঞপ্তি পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওপরের নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে আমাদের করার কিছু নেই।’