ঠিক মোড়ক উন্মোচন নয়। তবে আয়োজনটা ছিল নতুন বইকে ঘিরেই। আরও ভালো করে বলতে গেলে চট্টগ্রামে অবস্থানরত লেখকদের বই নিয়েই। সদ্য প্রকাশিত বই থেকে খানিকটা পাঠ করলেন তাঁরা। বাড়িয়ে দিলেন পাঠকের আগ্রহ। গ্রন্থবিপণি বাতিঘর বাছাই করা ১০টি বই নিয়ে আয়োজন করে এই ব্যতিক্রমী পাঠ উন্মোচন অনুষ্ঠানের। ২০ ফেব্রুয়ারি বিকেলে চেরাগী পাহাড়ের বাতিঘর প্রাঙ্গণে বসে এই অনুষ্ঠান। যেসব লেখকের বইয়ের পাঠ উন্মোচিত হলো, তাঁদের প্রায় প্রত্যেকেরই চট্টগ্রাম ছাড়িয়ে সারা দেশেই পাঠকপ্রিয়তা রয়েছে। সৃজন ও মননশীলতার কারণে গুণবিচারি পাঠকদের কাছে তাঁদের কদর আছে। অনুষ্ঠান সঞ্চালন করেন কবি বিশ্বজিৎ চৌধুরী। সঞ্চালক বিশ্বজিৎ চৌধুরী পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিলেন নানা সরস মন্তব্যে। আসরের সব লেখক-কবিকেই তিনি তরুণ বলে অভিহিত করেন। তাঁর মতে, এখানে উপস্থিত সবার লেখায় ও ভাবনায় তারুণ্য আছে। সদ্য প্রকাশিত বই থেকে পাঠ করার আগে কথাসাহিত্যিক হরিশংকর জলদাস বলেন, ‘চট্টগ্রামের লেখক, কবি ও পাঠকদের মধ্যে ব্যবধান ঘোচাতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।’ অনুষ্ঠানে বেগম মুশতারী শফী তাঁর মুক্তিযুদ্ধের গল্প, আবুল মোমেন রবীন্দ্রনাথ মুসলিমমানস ও বাংলাদেশের অভিযাত্রা, হরিশংকর জলদাস রামগোলাম, মহীবুল আজিজ বুশম্যানের খোঁজে, খালিদ আহসান পৃথিবীর শিরা-উপশিরা, অভীক ওসমান শুধু তোমার জন্য এই অরণ্যে, হাফিজ রশিদ খান ঘূর্ণির গোয়েন্দা ঘেরা, খালেদ হামিদী আকব্জিআঙুল নদীকূল, প্রান্ত পলাশ সাধুখালির রাত ও ফারহানা আনন্দময়ী তাঁর লেখা মেঘ অরণ্য থেকে কিছু অংশ পাঠকদের পড়ে শোনান। অনুষ্ঠান শেষে বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ সবাইকে ধন্যবাদ জানান।