
ফটিকছড়ি উপজেলার রোসাংগিরিতে নিশ্চিন্তাপুর হালদা সেচ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০০৬ সালের ডিসেম্বর মাসে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ১১ মাস আগে নকশার ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। এরপর থেকে প্রকল্পটি ঝুলে আছে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে গ্রীষ্মে রোসাংগিরি, সমিতিরহাট, নানুপুর, নিশ্চিন্তাপুর ইউনিয়নসহ আশপাশের প্রায় ৫০০ একর জমি চাষাবাদের আওতায় আসত। অন্যদিকে বর্ষায় তলিয়ে যাওয়া আবাদি জমিসহ বসতঘর রক্ষা পেত।
২০০১ সালে বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প নামে সমন্বিত একটি প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পৌনে আট কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরুও হয়। প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার নতুন খাল খনন ও পাড় পাকা করা হয়। খালের ওপর করা হয় তিনটি কালভার্ট, নির্মাণ করা হয় ছয়টি পাম্প হাউস। বসানো হয় হালদা থেকে পানি তোলার পাইপলাইন।
পাউবো সূত্র জানায়, রোসাংগিরির নিশ্চিন্তাপুর সেচ প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ ও বেশির ভাগ অবকাঠামো নির্মাণসহ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়। ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত তিন ধাপে এসব কাজ করার পর একপর্যায়ে প্রকল্প গুটিয়ে নেওয়া হয়। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় ৪ কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকা। নকশাগত ত্রুটি ধরা পড়ার পর নতুন নকশা প্রণয়নের পাশাপাশি সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে ৭ কোটি ৭৮ লাখ টাকা করা হয়। বরাদ্দ বাড়লেও প্রকল্পের বাকি কাজ আর শেষ করা হয়নি।
পাউবো ফটিকছড়ির উপবিভাগীয় প্রকৌশলী খোরশেদুল আলম বলেন, ‘প্রকল্প বরাদ্দের বড় একটি অংশ খরচ করা হয়েছে। অবকাঠামোর কাজও অনেকটা শেষ হয়ে গেছে। নতুন করে প্রকল্পটির বাকি কাজ শুরু করার জন্য আমরা চেষ্টা করছি। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করে করণীয় ঠিক করতে একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
সরেজমিনে প্রকল্প এলাকায় দেখা যায়, হালদা নদী থেকে রোসাংগিরি, নানুপুর, নিশ্চিন্তাপুর ও সমিতিরহাট ইউনিয়ন পর্যন্ত আড়াই কিলোমিটারের যে খাল পাকা করা হয়েছে, সেগুলো এখন ভেঙে পড়ছে। স্থানীয় লোকজন ইটগুলো খুলে নিয়ে যাচ্ছে। জং ধরে নষ্ট হচ্ছে পাইপগুলোও। আর পরিত্যক্ত হয়ে পড়েছে পাম্প হাউসগুলো। এসব হাউসের আস্তরণ খসে পড়ছে।
রোসাংগিরি গ্রামের চাষি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘কৃষকদের দাবির মুখে পাউবোর লোকজন মাঝেমধ্যে এটি দেখতে আসেন। এরপর আর খোঁজ থাকে না।’
প্রকল্প এলাকার বাসিন্দা ও উপজেলা কৃষক লীগের সদস্য গোলাম মওলা বলেন, এসব এলাকায় শুকনো মৌসুমে দুই হাজার একরের মতো ইরি-বোরো চাষযোগ্য জমি অনাবাদি পড়ে থাকে। প্রকল্পটি চালু হলে এসব জমি চাষাবাদের আওতায় আসত। তিনি কৃষকের স্বার্থে প্রকল্পটি দ্রুত চালু করার দাবি জানান।
জানতে চাইলে ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সম্প্রতি এলাকাটি পরিদর্শন করেন। এটি কোন পর্যায় থেকে বরাদ্দ দিয়ে পুনরায় কাজ শুরু করা যায়, সেটি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।