১০ বছর ধরে পরিত্যক্ত বাজার ইজারা হয় প্রতিবছর!
বাঘাইছড়ির কাচালং বাজার পরিত্যক্ত ১০ বছর ধরে। দোকানপাট বন্ধ থকে। সপ্তাহের হাটও বসে না। এর পরও প্রতিবছর এ বাজার ইজারা দিয়ে আসছে জেলা পরিষদ বাজার ফান্ড। বাজার চালু না থাকায় খুচরা বিক্রেতারা বসেন সড়ক ও মাঠে। ইজারাগ্রহীতা তাঁদের কাছ থেকেই আদায় করেন টোল।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০০ সালে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় কাচালং বাজারে। ওই অগ্নিকাণ্ডে দুই শতাধিক দোকান পুড়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়। দোকানের ভেতর আটকা পড়ে সুনীল তালুকদার নামে এক ব্যবসায়ীরও মৃত্যু হয়। এরপর দুই বছর কোনো রকমে বাজার বসলেও ২০০২ সাল থেকে কাচালং বাজারে কোনো হাট বসে না। এখন কাচালং বাজারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাজারটির এ পর্যন্ত সংস্কার কিংবা স্থানান্তরেরও কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও বিক্রেতা উপজেলা সদরের বিভিন্ন সড়কের দুই পাশে হাট বসান। এতে হাটের দিনে যান চলাচল করতে নানা দুর্ভোগ পোহাতে হয়। জেলা পরিষদ সূত্র জানায়, ২০০২ সালের পর বাজার পরিত্যক্ত হয়ে গেলেও প্রতিবছর ইজারা দেওয়া হচ্ছে। এবার এক বছরের জন্য কাচালং বাজার ইজারা দেওয়া হয় সাড়ে সাত লাখ টাকায়। ইজারাগ্রহীতা মোহাম্মদ ইস্কান্দর। ইজারাগ্রহীতা মো. ইস্কান্দর বলেন, ‘আমরা দুই বছর ধরে ইজারা নিচ্ছি। সড়কে ও মাঠে টোল আদায় করতে আমাদেরও কষ্ট হয়। জেলা পরিষদ থেকে বলা হয়েছে ইজারা এলাকার এক কিলোমিটারের ভেতরে টোল আদায় করতে পারব।’বিক্রেতাদের অভিযোগ, এখনো পর্যন্ত কাচালং বাজার আবার চালু কিংবা স্থানান্তরের উদ্যোগ নেয়নি প্রশাসন। বসার স্থান না পেয়ে বাধ্য হয়ে খোলা মাঠে ও ব্যস্ততম সড়কে বসতে হচ্ছে। বিক্রেতা অমূল্য চাকমা বলেন, প্রতি বুধবার এলে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন ও উপজেলা পরিষদের সড়কে জায়গা কাড়াকাড়ি হয়। অনেকে এ বিড়ম্বনা থেকে রেহাই পেতে মঙ্গলবার বিকেলে এসে সড়ক দখল করে নেন। বৃষ্টি হলে মালামাল ফেলে চলে যেতে হয়। অনেক সময় একজনের মালামাল আরেকজন নিয়ে যায়। জানা গেছে, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর বাঘাইছড়ি পৌরসভা গঠন হওয়ার পর থেকে একই বাজার থেকে ইজারার মাধ্যমে রাজস্ব আদায় করছে। পৌরসভা প্রতিবছর ছয় থেকে সাত লাখ টাকা টোল আদায় করছে। কাচালং বাজার কমিটির সভাপতি মো. আবদুল হাকিম বলেন, কাচালং বাজার থেকে প্রতিবছর টোল আদায় করা হচ্ছে। দ্রুত বাজারটি স্থানান্তর করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে। শুনেছি জেলা প্রশাসক ও জেলা পরিষদ কাচালং বাজারের জন্য একটি টিলা অধিগ্রহণ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন বলেন, প্রতি বুধবারে সড়কের দুপাশে হাট বসানো হয়। আমি চাইলে সেখানে হাট না বসানোর জন্য ব্যবস্থা নিতে পারি। কিন্তু ওরা যাবে কোথায়। স্থায়ীভাবে হাট বসানোর ব্যাপারে মাসিক সমন্বয় সভায় উত্থাপন করে বিষয়টি জেলা পরিষদকে জানানো হবে।