১০ বছর ধরে পড়ে আছে কোটি টাকার ফেরি
১০ বছর আগে চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার মাঝামাঝি স্থানে শঙ্খ নদের ওপর তৈলারদ্বীপ সেতু চালু হয়। সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় শঙ্খ নদে চলাচলকারী দুটি ফেরি। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এই দুটি ফেরি এরপর থেকে তৈলারদ্বীপ ঘাটেই পড়ে আছে। সওজের দুজন কর্মী ফেরি দুটির পাহারায় থাকলেও এগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, আড়াআড়িভাবে বাঁধা দুটি ফেরির একটির পন্টুন মাটিতে দেবে গেছে। অপর ফেরির পন্টুনের একাংশ ডুবে আছে নদের পানিতে। দুটি ফেরিতেই স্থানীয় লোকজন খড়ের গাদা ও গোবর শুকাতে দিয়েছে।
ফেরি পাহারায় নিয়োজিত শ্রমিক মোহাম্মদ ইউনুছ বলেন, ‘আমরা ফেরি পাহারায় আছি, তবে দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় বর্তমানে ফেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে।’
স্থানীয় বারখাইন ইউপি সদস্য আজিজুল হক বলেন, চোখের সামনেই নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। কিন্তু এসব দেখার কেউ নেই।
সওজ সূত্র জানায়, ২০০৬ সালের ২৯ আগস্ট আনোয়ারা-বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদে নির্মিত তৈলারদ্বীপ সেতু উদ্বোধন করা হয়। কিন্তু ১০ বছর পার হতে চললেও এখনো সেতু এলাকা থেকে ফেরি দুটি নিয়ে যায়নি সওজ। ফেরির পাহারায় দুজন শ্রমিক নিয়োজিত থাকলেও দীর্ঘদিন ধরে পড়ে থাকায় বর্তমানে ফেরি দুটি নষ্ট হতে চলেছে।
ওই সূত্র আরও জানায়, আশির দশকে সরকার আনোয়ারা-বাঁশখালীর মানুষের যাতায়াতের কষ্ট লাঘব করতে তৈলারদ্বীপ-চানপুর নৌঘাটে ফেরি চালু করে। ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ফেরি ঘাটসংলগ্ন এলাকায় সেতুর নির্মাণকাজ শুরু করে। ওই বছর ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে ২০০৬ সালের ২৯ আগস্ট সেতুটি উদ্বোধন করা হয়।
এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া প্রথম আলোকে বলেন, ‘ফেরি দুটি নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠানো হয়েছে। তাই ওখানকার নির্দেশের অপেক্ষায় আছি আমরা।’