১০ বছর ধরে বন্ধ ছাগলনাইয়ার কারুপল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পকনগরে মৃৎশিল্পীদের সুবিধার জন্য গড়ে তোলা কারুপল্লিটি ১০ বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। এ সময় এটি দেখভালের জন্য রাখা এক কর্মচারীর বেতন খাতে বিসিকের (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা) প্রায় ১৩ লাখ টাকা খরচ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এ সময়ে ভবনটি ভাড়ায় দিলে এর চেয়ে বেশি টাকা আয় হতো। সূত্র জানায়, ডানিডার (ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি) সহযোগিতায় বিসিক ১৯৭৯ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের পাশে চম্পকনগর এলাকায় কারুপল্লিটি গড়ে তোলে। আট শতক জমির ওপর নির্মিত তিনতলা ভবনের পাশে বসানো হয় মৃৎশিল্পের চুল্লি। ভবনের নামকরণ করা হয় ‘চিরায়ত’। চুল্লিতে স্থানীয় মৃৎশিল্পীদের তৈরি নানা ধরনের মাটির তৈজসপত্র বাজারজাত করা হয়। অনেকে এসব তৈজসপত্র কিনে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য শোপিস হিসেবে ব্যবহার করতেন। জানা যায়, কেন্দ্রটি নির্মাণের পর বিসিক এবং ডানিডা কর্তৃপক্ষ পৃথকভাবে লোকবল নিয়োগ দেয়। ১৯৮৭ সালে ডানিডার প্রকল্পে সহযোগিতার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তারা মালামালসহ ভবনটি ফেনী বিসিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। কেন্দ্রের জন্য ডানিডার নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে বিদায় দেওয়া হলেও বিসিকের নিয়োগকৃত কর্মচারীদের চাকরি পরবর্তী সময়ে রাজস্ব খাতে ন্যস্ত করা হয়। ডানিডার সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ার পর কেন্দ্রটিতে উৎপাদনও বন্ধ হয়ে যায়। সূত্র জানায়, প্রায় পাঁচ বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর ১৯৯২ সালে মাসে আড়াই হাজার টাকা ভাড়ায় স্থানীয় গোলাম আকবর খোন্দকার নামের এক ব্যক্তি কেন্দ্রটি ইজারা নেন। তিনি ১০ বছর পরিচালনা করার পর লোকসানের অজুহাতে ইজারার টাকা পরিশোধ না করেই ২০০২ সালে কেন্দ্রটি বন্ধ করে দেন। বিসিক কর্তৃপক্ষ গোলাম আকবর খোন্দকারের কাছে পাওনা প্রায় চার লাখ ১৯ হাজার টাকা আদায়ের জন্য ২০০৫ সালে আদালতে মামলা দায়ের করে। পরে তাঁর কাছ থেকে বিভিন্ন কিস্তিতে দুই লাখ ৫৮ হাজার টাকা আদায় হলেও বাকি টাকা এখনো অনাদায়ি রয়ে গেছে। এরই মধ্যে আদালত গোলাম আকবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি বাকি টাকা পরিশোধ না করে পলাতক রয়েছেন। এদিকে প্রায় ১০ বছর ধরে কেন্দ্রটি দেখভালের জন্য বিসিকের রাজস্ব খাতের একজন নিয়মিত কর্মচারীকে নিয়োজিত রাখা হয়েছে। তাঁর বেতন-ভাতা খাতে বছরে প্রায় এক লাখ ৩০ হাজার টাকা হিসেবে গত ১০ বছরে খরচ হয়েছে ১৩ লাখ টাকা। তবে ওই কর্মচারী প্রায় সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে জানা গেছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে ওই কর্মচারীকে সেখানে পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ী আবু বকরের মতে, বন্ধ কেন্দ্রটি পাহারা দেওয়ার জন্য একজন নিয়মিত কর্মচারীকে বছরের পর বছর বেতন দেওয়া আর মরা গরুর দাঁত পাহারা দেওয়া সমান কথা। তিনি জানান, বন্ধ ভবনটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিলে ১০ বছরে বিসিকের অন্তত ১৫ লাখ টাকা আয় হতো।জানতে চাইলে ফেনী বিসিকের ব্যবস্থাপক আজগর আলী বলেন, ‘কেন্দ্রটি নিয়ে আমরা বিপাকে আছি। ভালো ইজারাদারও পাওয়া যাচ্ছে না। আবার নিজেরাও চালাতে পারছি না। তাই পাহারা দেওয়ার জন্য একজন পিয়ন সেখানে রাখা হয়েছে।’