নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ১০ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে জরুরি চিকিৎসাসেবা দিতে বান্দরবান জেলা সদর, কক্সবাজার ও চট্টগ্রামের হাসপাতালে পাঠানোর জন্য উপজেলার রোগীদের পরিবহন সহায়তা দেওয়া যাচ্ছে না। এতে দরিদ্র রোগীদের সংকট বেড়েছে।
২০০২ সালে বান্দরবান জেলা সদর হাসপাতালের ব্যবহূত একটি অ্যাম্বুলেন্স রোগী বহনের জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রকে দেওয়া হয়। তবে যান্ত্রিক ত্রুটি থাকায় অ্যাম্বুলেন্সটি ঠিকভাবে ব্যবহার করা যায়নি তখন। ২০০৪ সালে ৮০ হাজার টাকা ব্যয়ে এটি মেরামত করা হয়। তবে এক মাসের মাথায় আবার অ্যাম্বুলেন্সটি নষ্ট হওয়ার পর আর সচল হয়নি। বর্তমানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্সচালকের পদে একজন কর্মরত থাকলেও তাঁর কোনো কাজ নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকেয়া বেগম বলেন, তিনি এই হাসপাতালে যোগ দেওয়ার আগ থেকে অ্যাম্বুলেন্সটি মেরামত করার জন্য অসংখ্যবার লেখালেখি হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকায় এটি এখন মেরামতের উপযোগী আছে কি না প্রথমে তা পরীক্ষা করে দেখতে হবে।
অ্যাম্বুলেন্সচালক সক্রা অং চাক বলেন, বান্দরবান সদর হাসপাতালে ব্যবহূত অ্যাম্বুলেন্সটি নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্যকেন্দ্রে দেওয়ার কিছুদিন সচল ছিল। এরপর এটি বিকল হয়ে পড়ে। তখন থেকে জরুরি রোগীরা সিএনজিচালিত অটোরিকশা অথবা জিপগাড়ি ভাড়া করে বান্দরবান সদর হাসপাতাল, কক্সবাজার ও চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা নিতে যান।
স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা রঞ্জন চৌধুরী বলেন, উপজেলার ৬৪ হাজার বাসিন্দা ছাড়াও কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবার ওপর নির্ভরশীল। প্রতি মাসে অনেক জরুরি রোগীকে বান্দরবান, কক্সবাজার, মালুমঘাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠাতে হয়। অ্যাম্বুলেন্স না থাকায় দরিদ্র রোগীরা এ সময় সংকটে পড়েন।
সক্রা অং চাক বলেন, দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিকল অ্যামু্বলেন্স মেরামত করলেও সচল হওয়ার সম্ভাবনা খুবই কম। ১০ বছর ধরে ব্যবহার না হওয়ায় এটির ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। সেগুলো কিনে মেরামত করতে হলে নতুন অ্যাম্বলেন্স কেনার সমপরিমাণ টাকা খরচ করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকেয়া বেগম বলেন, স্বাস্থ্যকেন্দ্রের পুরোনো অ্যাম্বুলেন্সটি মেরামতের অযোগ্য হলে নতুন আরেকটি অ্যাম্বুলেন্স সরবরাহ করতে হবে। অ্যাম্বলেন্স না থাকায় রোগী পরিবহনে সমস্যা দেখা দিচ্ছে।