১০ বছর পর রাঙ্গুনিয়া আওয়ামী লীগের সম্মেলন
দীর্ঘ ১০ বছর পর ২২ ডিসেম্বর রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। সংসদ নির্বাচনের আগে দল গোছাতে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এ উদ্যোগ নিয়েছেন বলে জানান নেতা-কর্মীরা।জানা যায়, সম্মেলন সফল করতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক বদিউল আলম তালুকদারকে আহ্বায়ক, আওয়ামী লীগ নেতা আবু জাফর, আসলাম খান, নজরুল ইসলাম তালুকদার, রাখাল চন্দ্র দাশ ও মীর তৌহিদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও ছাদেকুন-নুর-সিকদার। দলীয় সূত্র জানায়, ২০০৩ সালের মার্চ মাসে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে খলিলুর রহমান চৌধুরী সভাপতি ও কাজী জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নেতা-কর্মীরা জানান, সম্মেলনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি খলিলুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, জহির আহম্মদ চৌধুরী ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন, ‘পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিছ আজগর, ইঞ্জিনিয়ার সামশুল আলম, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মীর কাঞ্চন চৌধুরী, ব্যবসায়ী তড়িৎ কান্তি দে। ১০ বছর পর সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ায় তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীরা উদ্দীপ্ত। মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুল ইসলাম বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে দলের সফলতার জন্য উপজেলা আওয়ামী লীগের সম্মেলন জরুরি ছিল। যা শেষমেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতত্ব সৃষ্টি হবে। তিনি জানান, উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভা থেকে ২১ জন করে ৩৩৬ জন কাউন্সিলর ভোট প্রয়োগ করতে পারবেন। উপজেলা কমিটি থেকে ভোট প্রয়োগ করবেন ১৫ জন। সব মিলিয়ে ভোটার সংখ্যা হবে ৩৫১। গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন কাউন্সিলররা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘মেয়র হিসেবে আমি পৌরসভার দায়িত্ব পালন করছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করার আশা রয়েছে।’