দীর্ঘ ১০ বছর পর সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এম এ মোতালেব এবং কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক পদে কুতুব উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে অন্য প্রার্থী ছিলেন ডা. আ ম ম মিনহাজুর রহমান। তাঁকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে পদায়ন করায় তিনি মোতালেবকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন কুতুব উদ্দিন চৌধুরী ও ফরিদুল আলম। সম্মেলনে ৩৯৩ জন কাউন্সিলরের মধ্যে ৩৭৭ জন ভোট দেন। এর মধ্যে ২৫৮ ভোট পেয়ে কুতুব উদ্দিন চৌধুরী নির্বাচিত হন। ৬ জুন সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসার মাঠে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেন উদ্দিন আহমদ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মঈনুদ্দিন হাসান চৌধুরী প্রমুখ।
দ্বিতীয় অধিবেশন ৭ জুন চট্টগ্রাম নগরের জেএম সেন হলে মোসলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে দলের তৃণমূলের নেতা-কর্মীরা ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের নেতা নির্বাচন করেছেন।
নেতা-কর্মীরা জানান, দীর্ঘ ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি হওয়ায় দলীয় কর্মকাণ্ড গতিশীল হবে। তাঁদের আশা, নতুন নেতারা জামায়াত-শিবির অধ্যুষিত এ উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান মজবুত করবেন। উল্লেখ্য, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৪ সালের ২১ এপ্রিল। ওই সম্মেলনে মো. আবু সাঈদ সভাপতি ও মো. ফরিদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ।