ঢাকার মানিক মিয়া এভিনিউতে সারি বেঁধে দাঁড়িয়ে আছে ২০০ বাস ও ১০০ মাইক্রোবাস। ৪ ফেব্রুয়ারি। সকাল সাতটা না বাজতেই সেখানে হাজির প্রায় আট হাজার শিক্ষার্থী। ওখানে কেমন যেন উৎসব-উৎসব ভাব। উৎসব হবেই বা না কেন? আজ যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্মদিন। আজ থেকে ১০ বছর আগে যাত্রা শুরু করা এ বিশ্ববিদ্যালয় পেরিয়ে এসেছে ১০টি বছর।সবার গন্তব্য সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। আশুলিয়া পৌঁছানোর পর দিনটি যেন শুধুই শিক্ষার্থীদের। উপস্থাপনা, নাচ, গান, আবৃত্তি আর র্যাফল ড্র—সব আয়োজনেই ছিল শিক্ষার্থীদের রাজত্ব। শিক্ষার্থীই ছিলেন প্রতিটি দলের দলনেতা। দলনেতাদের কথামতো শুধু শিক্ষার্থীদেরই নয়, শিক্ষকদেরও চলতে হয়।সৈয়দা সাদিয়া শাহরীন এ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থী। এ আয়োজন সম্পর্কে তাঁর অনুভূতি হলো, ‘আমরা সব সময় দেখি শিক্ষকের নেতৃত্বেই সবকিছু হয়ে থাকে, কিন্তু এখানে হয়েছে তাঁর উল্টো। এ বিষয়টিতে অনেক মজা পেয়েছি।’ আর টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসানের ভাষায়, ‘আমরা সারা বছর ধরে এ দিনটির অপেক্ষায় থাকি। প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি চলতে থাকে। বড় কোনো জাতীয় উৎসবের চেয়েও বেশি আনন্দ পাই এ আয়োজনে। কারণ এ দিনে সব বন্ধু-বান্ধবকে কাছে পাওয়া যায়।’দিনব্যাপী উৎসব আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০ একরের স্থায়ী ক্যাম্পাসটি মুখর হয়ে ওঠে শোভাযাত্রা, পিঠা উৎসব, স্বেচ্ছা রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বনভোজন, সেলিব্রেটি শো আর ফান ইভেন্টসে শিক্ষার্থীদের পদচারণায়।