১০ বছরে চার হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে নগরায়ণ দ্রুত হচ্ছে। এ খাতে প্রতিবছর বিভিন্ন সংস্থা বিনিয়োগ করছে হাজার কোটি টাকা। তার পরও শহরে আবাসনসংকট দিন দিন প্রকট হচ্ছে।জানা যায়, নগরের জনসংখ্যা ১০ বছর আগে ছিল ৩৫ লাখ। এক দশকে ১৫ লাখ বেড়ে বর্তমানে তা প্রায় ৫০ লাখে উন্নীত হয়েছে। সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) পাশাপাশি বেসরকারি আবাসন সংস্থাগুলো সংকট সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক হিসাবে দেখা যায়, গত ১০ বছরে চউক, সিটি করপোরেশন ও বেসরকারি আবাসন সংস্থাগুলো প্লট ও ফ্ল্যাট তৈরিতে চার হাজার ৩০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। আগামী কয়েক বছরে আরও কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ সত্ত্বেও নগরে আবাসনসংকট কাটবে না। তাঁদের মতে, শহরের বেশির ভাগ মানুষই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর। শহরে তাঁদের অনেকের নিজস্ব জমি নেই। একটি প্লট বা ফ্ল্যাটের মালিক হওয়ার সামর্থ্যও নেই অনেকের। ফলে সংকট থেকেই যাচ্ছে। চউকের বিনিয়োগ এক হাজার ২০০ কোটি টাকা: চউকের প্রকল্প বিভাগ সূত্রে জানা গেছে, গত এক দশকে আবাসনশিল্পের পাঁচটি প্রকল্পে চউক এক হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর মধ্যে বাকলিয়া কল্পলোক আবাসিকে ২৫০ কোটি, পাঁচলাইশ অনন্যা আবাসিকে ৩৫০ কোটি, সীতাকুণ্ডের সিলিমপুর আবাসিকে ২৫০ কোটি এবং কর্ণফুলী আবাসিকে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই পাঁচ প্রকল্পে প্লট রয়েছে পাঁচ হাজার।সূত্র জানায়, নগরের কাজির দেউরিতে ২৬৪টি এবং ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ১৯২টি ফ্ল্যাটবিশিষ্ট পৃথক দুটি আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম জানান, চউকের উদ্যোগে আগামী এক দশকের মধ্যে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে দুই হাজার একর জায়গার ওপর ফতেয়াবাদ উপশহর নামে একটি এবং বায়েজিদ এলাকায় এশিয়ান উইমেন ইউনিভার্সিটির পাশে ২০০ একর জায়গার ওপর একটি আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে।চউকের নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) হাবিবুর রহমান নগরে আবাসনসমস্যা প্রকট এ কথা স্বীকার করে বলেন, ‘আগামী এক দশকের মধ্যে আনোয়ারা, হাটহাজারী, সীতাকুণ্ড ও রাঙ্গুনিয়া উপজেলায় চউকের গ্রোথ সেন্টারগুলোতে নতুন আবাসন তৈরির ব্যাপারে একটি মহাপরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব প্রকল্প বাস্তবায়ন করা গেলে ১৫ লাখ মানুষের আবাসনসংকট ঘুচবে।’১০৪ কোটি টাকা বিনিয়োগ করেছে সিটি করপোরেশন: গত এক দশকে আবাসনসংকট নিরসনে নগরের বিভিন্ন জায়গায় পাঁচটি প্রকল্পে সিটি করপোরেশন ১০৪ কোটি টাকা খরচ করেছে। এর মধ্যে ফিরোজ শাহ কলোনির লেক সিটি হাউজিং সোসাইটিতে ৮২ কোটি টাকা, বায়েজিদ এলাকায় কোবে হাউজিং সোসাইটিতে দুই কোটি টাকা, দক্ষিণ খুলশীর ভিআইপি হাউজিং প্রকল্পে ২০ কোটি টাকা খরচ করা হয়। এই তিন প্রকল্পে প্লট হয়েছে ৬৫২টি। সিটি করপোরেশনের ভূসম্পত্তি বিভাগ সূত্র জানায়, এ ছাড়া মাদারবাড়িতে ৯৬টি এবং অক্সিজেন এলাকায় ৭২টি ফ্ল্যাটবিশিষ্ট আরও দুটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা আহমেদুল হক চৌধুরী বলেন, ‘ফিরোজ শাহ কলোনি ছাড়া অন্য প্রকল্পগুলোর প্লট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।’নতুন উদ্যোগ: সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে নগরের কালুরঘাট এলাকায় স্যাটেলাইট টাউন নামে একটি আবাসন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এক হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে তিন হাজার ফ্ল্যাট থাকবে। প্রকল্পটি গত মাসে করপোরেশনের বার্ষিক সাধারণ সভায় অনুমোদন হয়েছে। এ ছাড়া নিম্নবিত্তের মানুষের জন্য লালখানবাজার মতিঝরনা এলাকায় ২৫০ ফ্ল্যাটবিশিষ্ট আরও একটি আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটির দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান করপোরেশনের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম।আয়তন দ্বিগুণ হবে: সিটি করপোরেশনের হিসাবমতে, চট্টগ্রাম শহরের বর্তমান আয়তন ৬০ বর্গমাইল। আবাসনসংকট মোকাবিলা এবং নগরবাসীর সেবা বৃদ্ধির লক্ষ্যে নগরের পরিধি ১২০ বর্গমাইলে উন্নীত করা হবে। এ-সংক্রান্ত প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদন হলে নগরের সীমানা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সীতাকুণ্ডের ভাটিয়ারি এবং আনোয়ারা উপজেলার কেইপিজেড এলাকা পর্যন্ত। বেসরকারি সংস্থার বিনিয়োগ: ২০০৬ সালে রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের যাত্রা শুরুর পর থেকে ২০১১ সাল পর্যন্ত ২৩০টি আবাসন প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে হস্তান্তর করেছে রিহ্যাবের সদস্য সংস্থাগুলো। এসব প্রকল্পে ব্যয় হয়েছে তিন হাজার কোটি টাকা। প্রকল্পগুলোতে ছয় হাজার ২০০ অ্যাপার্টমেন্ট রয়েছে বলে রিহ্যাব ফেয়ার-২০১২-এর যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জানিয়েছেন। তবুও সংকট কাটবে না: সরকারি, আধাসরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ সত্ত্বেও বিদ্যমান ব্যবস্থায় আবাসনসংকট কাটবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ স্থপতি জেরিনা হোসেন বলেন, ‘সরকারি-বেসরকারি পর্যায়ে নেওয়া প্রকল্পগুলো চাহিদার তুলনায় খুবই সীমিত। মধ্যবিত্ত ও সীমিত আয়ের প্রায় ৮০ শতাংশ মানুষের আবাসনসংকট মোকাবিলা করতে হলে প্লট বেচাকেনা বন্ধ করে ফ্ল্যাটভিত্তিক প্রকল্প হাতে নিতে হবে।’ তাঁর মতে, নগরে যেসব সরকারি-বেসরকারি ভূমি রয়েছে, সেসব ভূমিতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ফ্ল্যাট তৈরি করতে হবে। আর এ জন্য প্রয়োজন নীতিমালা। এ ব্যাপারে সরকারকে উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেন জেরিনা হোসেন।