১০ বছরে দ্বিগুণ ধনী তাঁরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তাল। সানডে টাইমস প্রকাশিত ব্রিটেনের ধনীদের তালিকায় মিত্তালের মতো আরও কিছু ধনকুবেরের সম্পদ কমলেও বেশির ভাগেরই সম্পদ বেড়েছে। ছবি: দ্য গার্ডিয়ান
ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তাল। সানডে টাইমস প্রকাশিত ব্রিটেনের ধনীদের তালিকায় মিত্তালের মতো আরও কিছু ধনকুবেরের সম্পদ কমলেও বেশির ভাগেরই সম্পদ বেড়েছে। ছবি: দ্য গার্ডিয়ান

ব্রিটেনের সবচেয়ে ধনীদের সম্মিলিত সম্পদ গত ১০ বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দেশটির সবচেয়ে ধনী এক হাজার ব্যক্তির সম্মিলিত সম্পদের পরিমাণ এখন ৫৪৭ বিলিয়ন পাউন্ড। তবে, এই হিসাবে ধনীদের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব করা হয়নি। সানডে টাইমসের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সানডে টাইমস প্রকাশিত যুক্তরাজ্যের সবচেয়ে ধনীদের এই সর্বশেষ তালিকা অনুসারে শীর্ষ এক হাজার ধনীর প্রত্যেকে গড়ে প্রায় ৫৪৭ মিলিয়ন পাউন্ডের মালিক। ২০০৫ সালের হিসাবে শীর্ষ এক হাজার ধনীর সম্মিলিত সম্পদের মোট পরিমাণ ছিল ২৫০ বিলিয়ন পাউন্ড। গত এক দশকে বিশ্বজুড়ে চরম আর্থিক মন্দা চললেও এই সময়ে সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়েছে ব্রিটেনের ধনীদের।

আজ রোববার প্রকাশিত সানডে টাইমসের এই তালিকায় ১১৭জন বিলিয়নারের নাম রয়েছে। গত বছরের তালিকায় ছিল ১০৪ জনের নাম। সর্বশেষ এই তালিকার ৮০ জন ধনকুবেরই লন্ডনভিত্তিক। এর মধ্য দিয়ে লন্ডন দুনিয়ার সবচেয়ে বেশি বিলিয়নারের নগরে পরিণত হয়েছে।

লন্ডনভিত্তিক ইউক্রেনীয় ব্যবসায়ী লেন ব্লাভাটনিক ১৩ দশমিক ১৭ বিলিয়ন পাউন্ড সম্পদ নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন। গত কিছুদিনে শ্রী ও গোপী হিন্দুজা ভ্রাতৃদ্বয়ের সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ১ বিলিয়ন বাড়লেও ব্লাভাটনিক তাঁদের টপকে এবার শীর্ষ স্থানটি দখল করে নেন। অবশ্য এই তালিকার শীর্ষ ২৫ ধনীর সবার কিন্তু সম্পদের পরিমাণ বাড়েনি। ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালের সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক শূন্য ৫ বিলিয়ন পাউন্ড কমে ৯ দশমিক ২ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে।

সানডে টাইমসের এই তালিকায় ভূমি, স্থাবর ও অস্থাবর নানা সম্পদ এবং গুরুত্বপূর্ণ শেয়ারের হিসাব করা হলেও কারওরই ব্যাংক অ্যাকাউন্টের হিসাব ধরা হয়নি।