চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ভর্তি ফি প্রতিবছরই বাড়ানো হচ্ছে। চলতি শিক্ষাবছরেই (২০১১-১২) ফি বেড়েছে প্রায় ২৪ শতাংশ। এভাবে প্রায় প্রতিবছরই ভর্তি ফি বাড়লেও বাড়ছে না সরকারি বৃত্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুয়েটে গত ১০ বছরে ভর্তি ফি প্রায় সাড়ে পাঁচ গুণ বেড়েছে। ২০০১-০২ শিক্ষাবর্ষে ভর্তি ফি ছিল এক হাজার ৯৫০ টাকা। প্রতিবছর বেড়ে ২০১০-১১ বছরে নেওয়া হয়েছে আট হাজার ৯০০ টাকা। সর্বশেষ ২০১১-১২ শিক্ষাবর্ষে করা হয়েছে ১১ হাজার টাকা। তবে গত ১০ বছরে বৃত্তির টাকার পরিমাণ বাড়েনি মোটেও।সূত্রমতে, ২০০১-০২ বর্ষে বৃত্তির পরিমাণ ছিল প্রতি সেমিস্টারে এক হাজার ৮৫ টাকা। ২০১১-১২ বর্ষেও তা অপরিবর্তিত রয়েছে।এ প্রসঙ্গে চুয়েটের চতুর্থ বর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘ফলাফলের ভিত্তিতে প্রতি সেমিস্টারেই ৫০ ভাগ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। কিন্তু প্রায় প্রতিবছর ভর্তি ফি বাড়লেও বৃত্তির টাকার পরিমাণ বাড়ছে না।’ এ তিনি জানান, ইন্টারনেট সুবিধা, ক্যানটিনের খাবারের মান ইত্যাদিও বাড়েনি। বরং খাবারের দাম বাড়ানো হয়েছে। ২০০১-০২ সেশন থেকে ম্যাগাজিন, সনদপত্র, কোর্স ফি, বিদ্যুৎ বিল, যানবাহন ও গ্রন্থাগারের জন্য আলাদা কোনো ফি ছিল না। বর্তমানে এসবের ওপর ফি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বলেন, ‘আগের তুলনায় সব জিনিসের দামই বেড়েছে। তাই আমাদের ভর্তি ফিও কিছুটা বাড়ানো হয়েছে। এ ছাড়া, বৃত্তির টাকা আসে সরকারের কাছ থেকে। সরকার টাকার পরিমাণ বাড়ায়নি বলে আমরাও বাড়াতে পারছি না। সরকার বরাদ্দ বাড়ালে আমরাও বৃত্তির টাকা বাড়াব।’