১০ বছরের ১০ ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উনিশ শতকের বাংলাদেশে জন্ম নেওয়া বেগম রোকেয়া কি আজকের এই দিনটির কথা কখনো ভাবতে পেরেছিলেন? সেকালের যে সমাজ ছিল নারীশিক্ষার বিপক্ষে, একালের সে সমাজে নারীশিক্ষা বিষয়ে অধ্যয়ন করছেন নারী-পুরুষ সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বিভাগটির নাম ‘উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ’। ২০০০ সালের ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে এই বিভাগের যাত্রা শুরু হয়েছিল ‘উইমেন্স স্টাডিজ’ নামে। প্রথম বছর শুধু মাস্টার্স কোর্স নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই বিভাগের। তবে পরের বছরই, অর্থাৎ ২০০১ সালে শুরু হয় অনার্স কার্যক্রমও। এ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন নাজমা চৌধুরী। তিনি বর্তমানে এ বিভাগেরই ইমেরিটাস অধ্যাপক। ২০০৬ সালে বিভাগের নাম বদলে ‘উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ’ নামকরণ করা হয়।এ বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগের শুরুর দিকের কথাগুলো এভাবেই বলেন বিভাগের বর্তমান চেয়ারপারসন সোহেলী খাদিজা বেগম।কথা হলো এ বিভাগের ছাত্রছাত্রীদের সঙ্গেও। ‘আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তদ্রূপ মনোকক্ষে জ্ঞানের আলোক প্রবেশ করিতে পায় না’—বেগম রোকেয়ার এ বাণী আজ ভুল করে দিতে শুধু শারমিন সাবিহা, কুন্তলা নন, বরং খলিল, আরিফ, জুয়েলরাও এ বিষয় নিয়ে অধ্যয়ন করছেন।মাস্টার্সের ছাত্র ইব্রাহিম খলিল বলেন, ‘সমাজে পিছিয়ে পড়া নারীদের জন্য কিছু করতেই শুধু নয়, বরং নারী ও পুরুষ সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব। তাই এ বিষয়ে অধ্যয়ন।’বিভাগের ছাত্রী শারমিন রশীদ একটি কথার মাধ্যমে বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা জানান, ‘কোনো ভালো কাজ অনায়াসে করা যায় না। কারামুক্ত হইয়াও গ্যালিলিও বলিয়াছিলেন, কিন্তু যাহা হউক, পৃথিবী ঘুরিতেছে।’উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে অক্টোবর মাস থেকেই আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের: লীলা নাগ, প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া ও সুফিয়া কামালের জন্মবার্ষিকী। এ ছাড়া মামুনা স্মৃতিবৃত্তি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উদ্যাপন এবং আয়োজন করা হয় বিভিন্ন শোভাযাত্রার। ২৫ নভেম্বর শোভাযাত্রার পরপরই নতুন ‘রোকেয়া চেয়ার’ অধ্যাপক হাসনা বেগমকে জানানো হয় সংবর্ধনা।উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ১০ বছর পূর্তির এ আয়োজনের পরিসমাপ্তি হবে কাল ৯ ডিসেম্বর।