১০ বসতঘরে আগুন, ৩০০ গাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুড়িয়ে দেওয়া বসতঘরে স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের স্ত্রী  প্রথম আলো
পুড়িয়ে দেওয়া বসতঘরে স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের স্ত্রী প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধাদের বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান ও সেতুতে আগুন দেওয়া হয়। এ ছাড়া, সরকারি-বেসরকারি অফিসে হামলা এবং বিভিন্ন ইউনিয়নে গাছ কেটে ব্যাপক ক্ষতি করে দুর্বৃত্তরা। সর্বশেষ গত সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল হক হোসাইনী চুনতি সাতগড় এলাকার বাড়ি পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ জানায়, কাদের মোল্লার রায়- পরবর্তী ঘটনায় তারা এ পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে লোহাগাড়া থানায় দুটি মামলা দায়ের করেছে। তবে আসামিদের চিহ্নিত করতে পারেনি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর রাত ১২টায় জামায়াত-শিবিরের ২০-৩০ জন নেতা-কর্মী মিছিল করে গিয়ে কলাউজানের মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের বাড়ির বাইরে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ঘরের বাইরের দরজায় তালা লাগিয়ে দেয় যাতে কেউ ঘর থেকে বের হতে না পারে। আহমদ হোসেন বলেন, ‘রাতে আমরা ঘরে ছিলাম। আশপাশের লোকজন এসে আগুন নেভান এবং দরজা ভেঙে আমাদের উদ্ধার করেন। যাওয়ার সময় দুর্বৃত্তরা আমার ছেলের ব্যবসাপ্রতিষ্ঠানও ভাঙচুর করে।’
একই রাতে আধা কিলোমিটার দূরে স্থানীয় আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলামের বাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির। নজরুলের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫) বলেন, ‘আগুন দেওয়ার সময় আমি আর আমার পুত্রবধূ ঘরে ছিলাম। আশপাশের লোকজন এগিয়ে না এলে আমরা পুড়ে মারা যেতাম।’ আক্রান্ত আহমদ হোসেন ও নজরুল ইসলাম জানান, হামলাকারীদের চিহ্নিত করতে না পারায় থানায় মামলা করেননি তাঁরা।
একই দিন পদুয়ার মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরীর মালিকানাধীন একটি পেট্রল পাম্প ও তাঁর একটি ব্যক্তিগত গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। হামলা চালানো হয় কলাউজানের আওয়ামী লীগ-যুবলীগের সাত-আটজন নেতার বাড়িতে।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজঘাটা সেতুর কিছু অংশ এবং শতাধিক স্থানে প্রচুর গাছ কেটে ফেলে জামায়াত-শিবির। পদুয়া পূবালী ব্যাংক, পদুয়া বন বিভাগের কার্যালয়, চরম্বা জাংছড়ি সেতু, আলুরঘাট কাঠের সেতু এবং আধুনগর কাঠের সেতুতে আগুন দেয় তারা।
চরম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদত উল্লাহ জানান, চরম্বা, কলাউজান, বড় হাতিয়া, রাজঘাটা ও গারাংগিয়া সড়কের শতাধিক স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে গিয়ে ছোট-বড় তিন শতাধিক গাছ কেটে ফেলেছে জামায়াত-শিবির। লোহাগাড়ার মুক্তিযুদ্ধের গ্রুপ কমান্ডার মোস্তফিজুর রহমান মুক্তিযোদ্ধাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে রাজাকারদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জামায়াত-শিবিরের তাণ্ডবের ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন জানান, গত সোমবার সংগঠনের নেতা-কর্মীদের বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সভায় আগামী দিনে যেকোনো হামলা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, কাদের মোল্লার রায়-পরবর্তী ঘটনায় এ পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।