১০ মাস থমকে আছে মিদাত হত্যা মামলার শুনানি
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিদাত শারিমা রহমান হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হলো আজ। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচার শুরু হওয়ার পর তা মহানগর দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। তবে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক না থাকায় মামলার শুনানি হচ্ছে না গত ১০ মাস ধরে। নিহত মিদাতের বাবা মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত জানুয়ারিতে আমার একমাত্র মেয়ে মিদাত হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। গত ১০ মাস এই আদালতে বিচারক না থাকায় মামলার কার্যক্রম থমকে গেছে। শুনেছি এই আদালতে নতুন বিচারকের বদলির আদেশ হয়েছে। বিচারকাজ দ্রুত শুরু হবে এ আশায় বুক বেঁধে আছি আমরা।২০১০ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় নগরের আমিরবাগ আবাসিক এলাকার একটি বাসার ছাদে বন্ধু এস এম তোহার ছুরিকাঘাতে মিদাত খুন হন। তিনি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী ছিলেন। ওই রাতে মিদাতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। দুই দিন পর ২৩ অক্টোবর রাতে ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার সময় ভাটিয়ারি এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পুলিশ তোহাকে গ্রেপ্তার করে। আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২৪ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তোহা। সম্পর্ক ছিন্ন করায় তিনি মিদাতকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে স্বীকার করেন। শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সন্তান মিদাতের বাবা ব্যবসায়ী এবং মা চিকিৎসক। সপ্তম শ্রেণীতে পড়ার সময় এস এম তোহার সঙ্গে পরিচয় হয় তাঁর। তবে পরবর্তী সময়ে তোহা লেখাপড়া ছেড়ে দিয়ে বখাটে হয়ে উঠলে মিদাত তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।