কক্সবাজার পাসপোর্ট কার্যালয় চালু হয় গত বছরের আগস্টে। ১০ মাসেই ব্যাপক সাড়া ফেলেছে এর কার্যক্রম। ইতিমধ্যে প্রায় ২৬ হাজার ‘মেশিন রিডেবল পাসপোর্ট’ সরবরাহ করা হয়েছে। আর এসব পাসপোর্টের বিপরীতে রাজস্ব আদায় করে প্রায় ১০ কোটি টাকা। স্থানীয় লোকজন জানায়, এই জেলার কয়েক লাখ মানুষ মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করেন। অথচ এতদিন পাসপোর্ট করাতে হলে যেতে হতো চট্টগ্রাম শহরে। এখন কক্সবাজারে পাসপোর্ট কার্যালয় স্থাপন করায় জেলার বাসিন্দারা হয়রানি ও আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ১ আগস্ট কার্যক্রম শুরু হলেও ১ অক্টোবর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (যন্ত্রে পাঠযোগ্য) সরবরাহ শুরু হয়। চলতি সালের ৩০ মে পর্যন্ত ১০ মাসে পাসপোর্ট সরবরাহ করা হয়েছে ২৫ হাজার ৯৬২টি। পাসপোর্টের জন্য আবেদন জমা পড়েছে আরও প্রায় পাঁচ হাজার। স্থানীয় সোনালী ব্যাংকে এক মাস সময়ের মধ্যে পাসপোর্টের জন্য তিন হাজার এবং ১১ দিনের মধ্যে (জরুরি ভিত্তিতে) হলে ছয় হাজার টাকা রাজস্ব (ফি) জমা দিয়ে পাসপোর্ট তৈরি করতে হয়।টেকনাফের মহেশখালীয়াপাড়া থেকে আসা ব্যবসায়ী আবুল কালাম (৩৩) বলেন, ‘সাত বছর আগে চট্টগ্রাম পাসপোর্ট অফিস থেকে একটি পাসপোর্ট তৈরি করেছিলেন। এটি হাতে লেখা পাসপোর্ট হওয়ায় বিদেশে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তাই এবার একটি ডিজিটাল (মেশিন রিডেবল) পাসপোর্ট তৈরি করতে এসেছি।’ রামু চাকমারকূল থেকে আসা বৃদ্ধ আহমদ আলী জানান, ‘হজের জন্য একটি পাসপোর্ট তৈরি করতে এসেছি। তিন হাজার টাকা সোনালী ব্যাংকে জমা দিয়েছি। কিছুদিনের মধ্যে পাসপোর্ট পাব বলে আশা করছি।’ চকরিয়ার যুবক আবছার কামাল বলেন, ‘তিন হাজার টাকার বিনিময়ে পাঁচ বছর মেয়াদি এই ডিজিটাল পাসপোর্ট হাতে পেয়ে খুশি লাগছে। কিছুদিন পর ভিসা নিয়ে মালয়েশিয়া যাব।’ টেকনাফের পল্লানপাড়ার ব্যবসায়ী আবদুল জলিল জানান, আগে পাসপোর্টের ছবি পাল্টিয়ে মিয়ানমারের হাজার হাজার রোহিঙ্গা সৌদি আরব, দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে।এখন মেশিন রিডেবল পাসপোর্ট হওয়ায় রোহিঙ্গারা বেকায়দায় পড়েছে। নিজের ছবি ও আঙুলের ছাপ সংযুক্ত থাকায় গলাকাটা পাসপোর্ট আর তৈরি হচ্ছে না।গত সোমবার বেলা ১১টায় সরেজমিনে পাসপোর্ট কার্যালয়ে গিয়ে দেখা গেছে, কয়েক শ নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট সংগ্রহ করছেন। অনেকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পাসপোর্টের জন্য ছবি তুলছেন।এ প্রসঙ্গে কক্সবাজার পাসপোর্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জাকির হোসাইন বলেন, ডিজিটাল পাসপোর্ট কক্সবাজারে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন গড়ে ১৫০টি আবেদনপত্র জমা পড়ছে।তিনি আরও বলেন, এ পাসপোর্ট জাল (নকল) করার কোনো সুযোগ নেই। একইভাবে বিদেশগামীদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না। তা ছাড়া এই পাসপোর্ট হারিয়ে গেলে নম্বর দিয়ে সহজে খুঁজে পাওয়া যায়।রোহিঙ্গাদের ব্যাপারে বলেন, ‘মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা অথবা যেকেনো ব্যক্তির মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট তৈরির সুযোগ নেই।’