ভোজনরসিক লোকটির নাম জোয়ি চেস্টনাট। খাওয়ার প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেন। তবে কথাবার্তা তাঁর ক্রীড়াবিদের মতো। বলেন, শরীরকে তার সামর্থ্যের সর্বোচ্চ সীমায় নিতে হলে অনুশীলন জরুরি। খাওয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী চেস্টনাট গত মঙ্গলবার নিজের অধ্যবসায় ও সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। মাত্র ১০ মিনিটে সাবাড় করেছেন ৭২টি হটডগ। এটা ছিল বেশি খাওয়ার বার্ষিক প্রতিযোগিতা। নিউইয়র্কের কোনি আইল্যান্ডে প্রতিবছর মার্কিন স্বাধীনতা দিবসের ছুটিতে এই আয়োজন হয়ে থাকে। আর চেস্টনাট দশম বার এই প্রতিযোগিতায় জিতলেন। দ্রুত খাওয়ার প্রতিযোগিতায় তিনি এবার গত বছরের চেয়ে ভালো করেছেন। ২০১৬ সালের আয়োজনে তিনি ১০ মিনিটে ৭০টি হটডগ খেতে পেরেছিলেন। ১৯১৬ সাল থেকে নাথানস ফামাস শীর্ষক হটডগ উৎসব হয়ে থাকে।
চেস্টনাট একবার ১০ মিনিটে ৭৩টির বেশি হটডগ খেতে সক্ষম হয়েছিলেন। তবে সেটা মূল প্রতিযোগিতায় নয়, অনুশীলনের সময়। প্রতিযোগিতার আয়োজক জর্জ শেয়া এমনভাবে চেস্টনাটের প্রশংসা করছিলেন, যেন তিনি যুদ্ধজয়ী কোনো বীর। সৈকতে আয়োজিত প্রতিযোগিতার ৩০ হাজার দর্শকের উদ্দেশে শেয়া বলেন, চেস্টনাট একজন আমেরিকান হিরো। তিনি মুক্তি এবং মার্কিন আদর্শের প্রতীক।
তবে চেস্টনাট নিজে খুব সংযত বক্তব্য দিয়েছেন। বলেছেন, ‘আমি একজন সাধারণ মানুষ। শুধু খেতে ভালোবাসি। আমার সৌভাগ্য যে দুনিয়াজুড়ে ঘুরে বেড়ানোর সুযোগ পাই আর খেয়েদেয়ে মানুষকে আনন্দ দিতে পারি।’
চেস্টনাট ২০০৫ সাল থেকে প্রতিযোগিতামূলক খাওয়াদাওয়ায় অংশ নিচ্ছেন।