১০ লাখ চিংড়িপোনা আটক, ফেনী নদীতে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে ধৃত অবৈধ প্রায় ১০ লাখ চিংড়ি মাছের পোনা মিরসরাইয়ে আটক করা হয়েছে। ২৬ মে রাত ১০টায় পোনাগুলি মিরসরাইয়ের মিঠাছড়া বাজার থেকে আটক করা হয়। ওই রাতেই পোনাগুলি ফেনী নদীতে অবমুক্ত করা হয়। আটককৃত ও অবমুক্ত করা পোনাগুলির মূল্য প্রায় ২১ লাখ টাকা। পোনা আটক করা হলেও এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। উপজেলা প্রশাসনকে সহায়তা করে উপজেলা মৎস্য কার্যালয়, মিরসরাই থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা। তিনি বলেন ২৩টি বড় পাতিল ও ১৬টি প্লাস্টিকের কনটেইনারে পোনাগুলো ছিল। মাছের পোনাগুলো ফেণী নদীর ধূমঘাট পয়েন্টে অবমুক্ত করা হয়েছে বলেও তিনি জানান।মিরসরাইয়ের উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, খুলনাগামী দুটি বাসের ছাদে মাছের পোনাগুলি ছিল। তিনি আরও জানান, ফেণী নদীর পানি তেমন লবণাক্ত নয়। পোনাগুলিকে লবণাক্ত পানিতে অবমুক্ত করা গেলে ভালো হতো বলে তিনি মন্তব্য করেন। ফেণী নদীর পানিকে লবণাক্ত করার জন্য মুহুরি রেগুলেটরের গেটগুলো খুলে দেওয়া জরুরি। না হয় ১০ লাখ পোনার মধ্যে বেশি বেঁচে থাকবে না।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরীফ জানান, দুটি বাস থেকে পোনাগুলো আটক করা সম্ভব হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।উল্লেখ্য, সাগরের মোহনা থেকে এ সকল চিংড়িপোনা আহরণ করে কিছু অসাধু ব্যবসায়ী। চিংড়িপোনা আহরণের সময় সাগরের আরও বহু প্রজাতির মাছের পোনা তাদের জালে ধরা পড়ে। ওই সকল মাছের পোনা অসাধু ব্যবসায়ীরা সাগরে ফেলে দেয় না। ফলে বহু প্রজাতি হারিয়ে যাচ্ছে। এ কারণে সরকার চিংড়িপোনা আহরণ নিষিদ্ধ ঘোষনা করেছেন। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের মোহনা থেকে চিংড়িপোনা আহরণ ও পাচার চলছে।