১০ শেকড় সন্ধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছন্দে ছন্দে তর্ক-বিতর্ক চলছিল শহুরে আর গ্রামীণ ছেলেপুলের মধ্যে। কে কতখানি জানে, আর কে কতখানি জানে না—এই নিয়ে দ্বন্দ্ব। একপর্যায়ে গ্রামের ছেলেরা বর্ণনা করে, কীভাবে তারা নদীতে লাফিয়ে বেড়ায়, সাঁতার কাটে, জাল দিয়ে মাছ ধরে...উত্তরে শহুরে ছেলেরা বলে—‘দেখেছি আমি নিজে,মাছ থাকে ডিপ ফ্রিজে।একটি টিভি অনুষ্ঠানে শোনা নিছক মজার একটা ছড়া। কিন্তু সত্যি সত্যি কীভাবে নদী থেকে মাছ ধরতে হয়, সেটা কজন শহুরে ছেলেমেয়েরাই বা আর জানে, বলুন। দেশে বেড়ে ওঠা শহুরেদের যদি এ দশা হয়, তবে প্রবাসে বেড়ে ওঠা দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাংলাদেশি তরুণদের কী অবস্থা? যারা বাবা-মা সূত্রে বাংলাদেশি? যারা জন্ম নিয়েছে কিংবা বড় হয়েছে ইউরোপ-আমেরিকায়? তাদের বেলা? সেই বহু তরুণ-তরুণীর সবার কথা জানা নেই। কিন্তু যদি বলি, তাদের মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশি সংস্কৃতি, গ্রামীণ জীবন সম্পর্কে জানেন? জানেন কীভাবে পিঠা বানাতে হয়, খেতে-খামারে চাষ করতে হয়, হাটবাজারে গিয়ে জিনিসপত্র বিক্রি করতে হয় কিংবা কীভাবে কাদাপানিতে নেমে পলো দিয়ে ধরতে হয় মাছ—জানেন তা-ও! অবাক হচ্ছেন? হ্যাঁ, নতুন প্রজন্মের প্রবাসী তরুণ-তরুণীদের বাংলার হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ারই এক উদ্যোগের নাম ‘ফরগটেন রুটস’। লন্ডনভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ডেল্টা বে নির্মিত একটি টিভি রিয়েলিটি অনুষ্ঠান ‘ফরগটেন রুটস’। বাংলাদেশ ও তার সংস্কৃতিকে জানার এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার রাত আটটায় স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়।২১, ২৬, ১৬!নির্বাচিত ১০ জন প্রতিযোগীকে নিয়ে যাওয়া হয় সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল গ্রামে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বোধ করি তারা কঠিন চ্যালেঞ্জের এক-আধটু আভাস পেতে শুরু করেছিল। যাত্রাটা যে খুব আয়েশি ছিল না! দীর্ঘ ১২ কিলোমিটার কাঁচা রাস্তায় গরুর গাড়িতে চড়ে তারা পৌঁছায় কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে; যেখানে সবুজ পাহাড়, সোনালি ধানখেত, লালাখালের সবুজাভ পানি, গ্রামের লাল মাটি আর কিছু মাটির মানুষ, অবারিত বিস্ময় নিয়ে অপেক্ষা করছিল প্রবাসী আপনজনদের জন্য!লালাখাল গ্রামে কাটানো ১৬টি দিন প্রতিযোগীদের জন্য পিকনিক আমেজে কেটেছে—এমনটা ভাবলে ভুল হবে। ১৬ দিনে তারা মুখোমুখি হয়েছে ২১টি চ্যালেঞ্জের। যার মধ্যে রয়েছে নিজ হাতে জমি তৈরি, বীজ বপন, লাঙল দিয়ে হালচাষ, ধান মাড়াই, কাদাপানিতে নেমে পলো দিয়ে মাছ ধরা, গোবর দিয়ে ঘুঁটে তৈরি, রান্নাবান্না, মুড়ি ভাজা, সাঁকো দিয়ে খাল পার হওয়া, কলাগাছের ভেলায় নদী পাড়ি দেওয়া, গ্রামের বাজারে গিয়ে পণ্য বিক্রি, পিঠা তৈরিসহ নানা কাজ। কাজটা যে যেনতেনভাবে শেষ করলেই হলো, তা নয়! করতে হবে ঠিক ঠিক উপায়ে। ভাপা পিঠা একটু এবড়োখেবড়ো হলেই পাশ থেকে অনুষ্ঠান সঞ্চালকের হুঁশিয়ারি, ‘পিঠা দেখতে ভালো হতে হবে!’ কাদাপানিতে নেমে প্রতিযোগীদের ত্রাহি ত্রাহি দশা, তার মাঝে পাশ থেকে সঞ্চালকের নির্দেশনা, ‘মাছ রাখতে হবে নির্ধারিত স্থানে!’ প্রতিযোগীরাও কম যায় না। একজন প্রতিযোগী যেমন মাছ ধরতে ধরতে আপন মনেই বলে ফেললেন, ‘আহহা! ছুটো একটা মাছ মরি গ্যাছে!’ আরেকজনকে দেখা গেল গ্রামের হাটে ‘হুটকি, হুটকি, নিয়া যান’ (শুঁটকি, নিয়ে যান) রব তুলতে!প্রতিযোগীদের অংশ নেওয়া প্রতিটি কাজের জন্যই রয়েছে পয়েন্ট। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজ, তা হলো গেরিলা প্রশিক্ষণ। তরুণেরা যেন এ দেশের সবচেয়ে গৌরবময় ইতিহাসটা অনুভব করতে পারেন, সে জন্যই এ আয়োজন। এসব কাজের জন্য রয়েছে ১৯৭১ পয়েন্ট। আর এসব মিলিয়েই ২৬ পর্বের রিয়েলিটি শো ‘ফরগটেন রুটস’।ওপরের সংখ্যাতত্ত্বগুলো লক্ষ করেছেন? ১৬ দিনের শুটিং, ২১টি চ্যালেঞ্জ, ২৬টি পর্ব, ১৯৭১ পয়েন্ট! সংখ্যাতত্ত্বেও নিজেদেরশেকড়কে স্মরণ করিয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল আয়োজকদের। ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ আর ১৯৭১ সাল—এই দিনগুলোর মর্ম এত দিনে জানা হয়ে গেছে প্রতিযোগীদের।মূলত দেশি-বিদেশি টেলিভিশন-দর্শকদের কথা মাথায় রেখেই নির্মিত হয়েছে এ অনুষ্ঠান। প্রতিযোগীদের অর্জিত পয়েন্ট আর দর্শকদের এসএমএসের ভিত্তিতে নির্বাচিত হবেন চ্যাম্পিয়ন। ফরগটেন রুটস প্রতিযোগিতার চ্যাম্পিয়নের হাতে তুলে দেওয়া হবে ১০ হাজার পাউন্ড।খোঁজ শেষেঅনুষ্ঠানটির চিত্রধারণ শেষ। এখন বাকি কেবল সম্প্রচার আর দর্শকদের এসএমএসের ভিত্তিতে বিজয়ী নির্বাচন। চ্যাম্পিয়ন এখনো নির্বাচিত না হলেও প্রতিযোগীরা ফিরে গেছেন নিজ নিজ আবাসস্থলে। শতভাগ বাংলাদেশি হয়ে ওঠার খেলায় কে জিতবেন সেটা বলা যাচ্ছে না এখনই। আপাততশিকড়ের সন্ধান শেষে নিজের দেশ সম্পর্কে কি অনুভূতি তাঁদের? জানতে চাই। লন্ডনের সৈয়দ নিশাত মনসুর ভালোবাসেন খেলাধুলা। বাংলাদেশ সম্পর্কে তাঁর জ্ঞানের দৌড় বলতে সম্ভবত নিজের ঘরে টানানো সাকিব আল হাসানের সঙ্গে তোলা ছবির চেয়ে খুব বেশি কিছু ছিল না। কিন্তু এবারের অভিজ্ঞতা বদলে দিয়েছে সব। নিশাত বলেন, ‘নিজের দেশের সংস্কৃতি, দেশের মানুষ সম্পর্কে জানার এটা ছিল একটা অসাধারণ সুযোগ।’ যুক্তরাজ্যের বেনজির প্রিয়াংকা জানালেন, বাংলাদেশে কাটানো এই কটা দিন তিনি কখনো ভুলবেন না। স্পেনের জিনিয়া আজমি কথা দিয়েছেন, পড়ালেখা শেষে তিনি নিজ দেশের (অবশ্যই বাংলাদেশ) জন্য সাধ্যমতো কাজ করবেন। যুক্তরাজ্যের অভিবাসী তাবাসসুম ই-মেইলে জানালেন, ‘বাংলাদেশ সম্পর্কে এখন আমার ধারণা সম্পূর্ণ বদলে গেছে। বাংলাদেশ একটা অসম্ভব সুন্দর দেশ। যেসব মানুষের দিনরাত খাটুনির সুবিধা আমি ভোগ করি, তাদের মুখের হাসি কিন্তু ম্লান হয় না কখনোই। যেসব শিশু রাস্তায় ছোটাছুটি করে বেড়ায়, নিজেদের অভাব নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। অথচ আমি আমার জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র না পাওয়া নিয়েও অভিযোগ করি! আমার দেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে; যে শিক্ষা একদিন আমি আমার সন্তানদের দেব!’ হারিয়ে যাওয়া শিকড়ভাবনাটা প্রথম আসে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান পিলার প্রডাকশনের কাছ থেকে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দিলারা খান জন্মসূত্রে বাংলাদেশি। দিলারা বললেন, ‘ভেবে দেখলাম, বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের একজন হিসেবে আমি নিজের দেশ সম্পর্কে খুব বেশি কিছু জানি না। আমার সন্তান বাংলাদেশের তৃতীয় প্রজন্মের মানুষ। সে নিজের শিকড় সম্পর্কে জানে আরও কম। সেই চিন্তাভাবনা থেকেই নিজেদের শিকড়ের খোঁজ করার ওপর ভিত্তি করে একটি টিভি রিয়েলিটি শো আয়োজনের কথা মাথায় আসে।’ দিলারা খান যোগাযোগ করলেন যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ডেল্টা বে’র সঙ্গে। ডেল্টা বের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন থাকেন লন্ডনে। মুকুল নামেই বেশি পরিচিত তিনি। দিলারা খানের ভাবনায় সায় দিলেন মুকুলও। মুকুল বললেন, ‘আমাদের কাছে মনে হয়েছে, দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাংলাদেশি তরুণদের নিজের দেশ সম্পর্কে জানানোর, এটা একটা দারুণ সুযোগ। এতে করে তারা নিজের দেশের সংস্কৃতি অন্যান্য দেশে পৌঁছে দিতে পারবে। দেশের সঙ্গে তাদের শিকড়ের টানটাও পোক্ত হবে।’ ডেল্টা বে’র পক্ষ থেকে যোগাযোগ করা হলো এটিএন বাংলার সঙ্গে। সানন্দে এই অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্ব নিল তারা। সেই সঙ্গে অনুষ্ঠানটির অর্থায়নের ভার নিল প্রবাসী পল্লি। শুরু হলো, দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের শিকড় সন্ধানের অভিযান। ওরা দশজনশিকড় খোঁজার প্রতিযোগিতায় নাম নিবন্ধন করল ইউরোপ-আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রায় ৪১২ জন তরুণ-তরুণী। যথাযথ যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত করা হলো ১০ জন প্রতিযোগীকে। যুক্তরাজ্যের আফসার আলম, মিষ্টি তাবাসসুম, আল আমিন ফারুক, সৈয়দ নিশাত মনসুর, তামিয়া মোনা খাতুন, বেনজির প্রিয়াংকা, তসলিম বেগম, যুক্তরাষ্ট্রের মনজুর হোসাইন, জাকির টনি ও স্পেনের জিনিয়া আজমি! পাঁচজন তরুণ, আর পাঁচজন তরুণী। ডেল্টা বে আর পিলার প্রডাকশনের ব্যবস্থাপনায় লন্ডন থেকে নির্ধারিত দিনে শুরু হয় তাদের যাত্রা। গন্তব্য—বাংলাদেশ!