১০ হাজার ইনফোলিডার তৈরির উদ্যোগ
১০ হাজার ইনফোলিডার তৈরির উদ্যোগ হিসেবে ‘তৃণমূলের তথ্যজানালা’ নামের একটি কর্মসূচি হাতে নিয়েছে সরকারের সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। এটি মূলত একধরনের তথ্যকর্মী হওয়ার প্রশিক্ষণ। যাঁরা প্রশিক্ষণ পাবেন তাঁদের সরকারের বিভিন্ন সফলতার কথা তৃণমূল পর্যায় থেকে তুলে ধরতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা।
ইনফোলিডার হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তাদের প্রতিবেদন ও ফিচার লিখন, আউটসোর্সিং ও ই-কমার্স বিষয়ে সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য গত ২৬ মে মাস্টার ট্রেইনার তৈরির প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম পরিচালক কবির বিন আনোয়ার, টিএসবির নির্বাহী সম্পাদক অলিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ১০ হাজার উদ্যোক্তার শ্রম ও দক্ষতা বিবেচনায় রেখে তাঁদের জন্য আরও কিছু সম্ভাবনার দ্বার খুলে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের আউটসোর্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এতে তাঁরা নিয়মিত আয়ের পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসে আয় করতে পারবেন। এ ছাড়া এলাকার উন্নয়নের কথা তাঁরা তুলে ধরতে পারবেন।
‘তৃণমূলের তথ্যজানালা’ কী?
তথ্যপ্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী, ৪ হাজার ৫৫০টি ইউনিয়ন পরিষদের প্রতিটিতে রয়েছে ডায়নামিক ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রতিটির ক্ষেত্রে তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এখানকার উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় উন্নয়ন, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি উন্নয়ন, সাফল্যের কাহিনি, পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনাসহ মানুষের জীবন ও জীবিকা নিয়ে ফিচার ও প্রতিবেদন লেখায় দক্ষ করে তোলা হবে। তৃণমূলের তথ্যজানালা ওয়েবসাইটে থাকবে একটি ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) সাইট। এতে ইউডিসির উদ্যোক্তাদের পাঠানো বিভিন্ন সংবাদ, তথ্য ও ছবি এসে জমা হবে। এগুলোর মধ্যে থেকে উন্নয়নমূলক প্রতিবেদন, ফিচার ও ছবি বাছাই করে তৃণমূলের তথ্যজানালা সম্পাদনা ডেস্কের তত্ত্বাবধানে বিভিন্ন মাধ্যমের জন্য ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগের মাধ্যমসহ গণমাধ্যমে তা তুলে ধরা হবে। বাছাই করা লেখা নিয়ে প্রকাশনা করা হবে।
ইউডিসি উদ্যোক্তাদের আয় বাড়ানোর লক্ষ্যে আউটসোর্সিংয়ের বিষয় হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট রাইটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ই-কমার্সের প্রায়োগিক ও ব্যবহারিক দিকের ওপর প্রশিক্ষণ পাবে তাঁরা।
তিন বছর মেয়াদি এই কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সহযোগিতা দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি)।
একনজরে তৃণমূলের তথ্যজানালা
* সারা দেশে ১০ হাজার ইনফোলিডার তৈরি
* ৬৪ জেলায় ১২৮ জন মাস্টার ট্রেইনার তৈরি
* সংবাদ, ফিচার ও প্রতিবেদন লেখায় দক্ষতা বাড়ানো
* ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ে সক্ষমতা বৃদ্ধি
* ই-কমার্স পরিচালনা ও অনলাইন বিপণনে দক্ষতা বৃদ্ধি
* তৃণমূলের তথ্যজানালা ওয়েবসাইট তৈরিকনটেন্ট তৈরি
* উদ্যোক্তাদের বাছাই করা লেখা নিয়ে প্রকাশনা