‘গত বছর এই সময়ে কক্সবাজারে ৪০ থেকে ৫০ হাজার পর্যটক ছিল। আর এ বছর ১৫০ জনেরও কম। বন্ধ হওয়ার পথে চার শতাধিক হোটেল-মোটেল, গেস্টহাউস ও কটেজ। লোকসানের কারণে কর্মচারীদের ছাঁটাই করতে হচ্ছে। আগামী ডিসেম্বরের আগে এ পরিস্থিতির উন্নতি হবে না; তাও যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়।’ গত সোমবার দুপুরে কক্সবাজার শহরের ঝাউতলায় হোটেল সাগরগাঁওয়ের মালিক শাহেদুল ইসলাম আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন।ছয়তলার এই হোটেলে কক্ষ রয়েছে ৬০টি। দুই মাস ধরে এই হোটেলে একটি কক্ষও ভাড়া হয়নি। পাশের আল-হেরা, সি-কুইন, সিলভার সাইন, পালংকি, প্যানোয়া, মারমেইডসহ শতাধিক হোটেলে এ অবস্থা বিরাজ করছে। আর হোটেল ব্যবসায় মন্দাভাবের কারণে গত দুই মাসে গণহারে কর্মচারী ছাঁটাই করেছে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ। কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সোলতান জানান, এ পর্যন্ত গত দুই মাসে প্রায় ১০ হাজার কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে।এ ছাড়া পর্যটক না থাকায় শতাধিক টুরিজম ব্যবসাপ্রতিষ্ঠানের অন্তত এক হাজার কর্মী, সাত শতাধিক রেস্তোরাঁর পাঁচ হাজার কর্মচারী, শুঁটকি ও লবণ এবং শতাধিক বিপণিকেন্দ্রের আরও ১০ হাজার কর্মচারীসহ ২৬ হাজার শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। অনেক হোটেল মালিক বিনা বেতনে কর্মচারীদের ছুটিতে যেতে বাধ্য করছেন। গত ১৪ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। পাশাপাশি চলে জামায়াত ও বিএনপির টানা একাধিক হরতাল। হরতাল ছাড়াও যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মূলত ১৫ ফেব্রুয়ারির পর থেকে কক্সবাজারে পর্যটকের আসা আশঙ্কাজনক হারে কমে গেছে। ফাঁকা সমুদ্রসৈকত: গত সোমবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, বিশাল সৈকত একেবারেই ফাঁকা। ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকতে হাজারো ছাতা-চেয়ার বসানো। পর্যটক দেখা গেছে মাত্র ২০ থেকে ২৫ জন। টুরিজম প্রতিষ্ঠান বে অব বেঙ্গল গ্রুপের পরিচালক তোফায়েল আহমদ বলেন, পর্যটক না থাকায় গত দুই মাসে তিন শতাধিক পর্যটন সেবাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার কর্মচারী বেকার হয়ে পড়েছেন। টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলাচলকারী সাতটি জাহাজের ছয়টিই বন্ধ হয়ে গেছে। একটি জাহাজের ব্যবস্থাপক আবদুর রহমান বলেন, পর্যটক নেই তাই সেন্ট মার্টিনের শতাধিক হোটেল মোটেল কটেজ ও রেস্তোরাঁ বন্ধ রয়েছে। বেকার জীবন কাটাচ্ছেন অন্তত পাঁচ হাজার কর্মচারী। ২০০ হোটেল বন্ধ: কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, গত ১০ বছরের মধ্যে এ রকম সংকটের মুখোমুখি হতে হয়নি তাঁদের। হরতাল আর রাজনৈতিক অস্থিশীল পরিস্থিতি পর্যটনশিল্পকে ধ্বংস করে দিচ্ছে। পর্যটক না থাকায় ইতিমধ্যে শহরের দুই শতাধিক হোটেল মোটেল গেস্টহাউস বন্ধ হয়ে গেছে। আরও প্রায় ২০০ হোটেল মোটেল বন্ধ হওয়ার পথে। ইতিমধ্যে ১০ হাজারের বেশি কর্মচারীকে ছাঁটাই করতে হয়েছে। অনেককে বিনা বেতনে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে। হাজার কোটি টাকা বিনিয়োগ করে এখানে হোটেল-মোটেল তৈরি করে অনেকে এখন ব্যাংকঋণ শোধ করবেন তো দূরের কথা, হোটেলের বিদ্যুৎ-পানির বিল ও কর্মচারীদের বেতন দিতে হিশশিম খাচ্ছেন। হোটেল-মালিকেরা জানান, গত জানুয়ারি মাসে শহরের চার শতাধিক হোটেলে দৈনিক ১২০ কোটি টাকার ব্যবসা হয়েছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে ক্ষতি হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। কক্সবাজার সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী বলেন, পর্যটকশূন্যতার অজুহাতে হোটেল-মালিকেরা গণহারে কর্মচারীদের ছাঁটাই করে মানবিক বিপর্যয়ের নজির স্থাপন করছেন। অনেককে বিনা বেতনে বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছেন। এটা বন্ধ করা দরকার।