১০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীর উপকূলীয় এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ায় তিন ইউনিয়নের সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি অব্যাহত ছিল। খোঁজ নিয়ে জানা যায়, উপকূলীয় গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা, পূর্ব গণ্ডামারা, ছনুয়া ইউনিয়নের খুদুকখালী, দক্ষিণ ছনুয়া, খানখানাবাদ ইউনিয়নের রোসাঙ্গিরিপাড়া, মৌলভীপাড়া ও সিন্দিপাড়া এলাকার বেড়িবাঁধ জোয়ারের পানিতে ভেঙে যায়। এতে তলিয়ে যায় সংশ্লিষ্ট এলাকাগুলো। জোয়ারের পানিতে এসব এলাকার লবণ ও চিংড়িঘেরসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। লোনা পানিতে অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে। কদমরসুল বাজার জামে মসজিদে শুক্রবার জুমার নামাজও হয়নি। লোকালয়ে লোনা পানি প্রবেশ করায় সাগর-তীরবর্তী এলাকাগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ১৬ কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত থাকায় পূর্ণিমার জোয়ারে লোকালয়ে লোনা পানি ঢুকে পড়ছে। এতে ১০ হাজার মানুষ পনিবন্দী হয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছে। খানখানাবাদ ইউনিয়নের কৃষক আবদুল মজিদ জানান, ১৯৯১ সালের পর থেকে বেড়িবাঁধ অরক্ষিত থাকায় প্রতিনিয়ত লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে।গণ্ডামারা ইউনিয়নের চিংড়িঘেরের মালিক আবু আহমদ জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণের পাশাপাশি জোয়ারের পানিতে তাঁর কোটি টাকার চিংড়িঘের ভেসে গেছে। খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী সিরাজুল মোস্তফা জানান, বেড়িবাঁধ অরক্ষিত হওয়ায় ৯১ সালের পর থেকে প্রতিবছরই খানখানাবাদে জোয়ারের পানি ঢোকে। এ এলাকার মানুষ সাগরের সঙ্গে যুদ্ধ করেই জীবিকা নির্বাহ করছে। অনেক সময় লোনা পানির কারণে ঘরের চুলাও জ্বলে না বলে তিনি জানান।বাঁশখালী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ জানান, বাঁশখালীতে ১৬ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের জন্য বরাদ্দ হওয়া অর্থ ছাড় না হওয়ায় এখনো কাজ শেষ করা যায়নি। খুব দ্রুত সংস্কারকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার হাসনাত তারিক জানান, বেড়িবাঁধের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন মহলকে জানানো হবে। প্রয়োজনে ত্রাণের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।