১০ হাজার মানুষের ভরসা, নড়বড়ে কাঠের সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০০ ফুট দীর্ঘ নড়বড়ে একটি কাঠের সেতু। ফটিকছড়ির নারায়ণহাট বাজার এলাকায় হালদা নদীর দুই তীরের মধ্যে সংযোগ রক্ষার একমাত্র মাধ্যম। ১০ হাজার মানুষের চলাচলের ভরসা। সেতু পার হয়ে হালদার পশ্চিম পাড়ে ২০০ গজ গেলেই গহিরা- হেঁয়াকো সড়ক। ফেনী-চট্টগ্রামের বিকল্প এই গুরুত্বপূর্ণ সড়কের সঙ্গে এলাকাবাসীর সরাসরি যোগাযোগ গড়ে উঠছে না।

গহিরা-হেঁয়াকো সড়কের কাছেই অবস্থিত গুরুত্বপূর্ণ নারায়ণহাট বাজার। উপজেলার নারায়ণহাট ইউনিয়নের হাঁপানিয়া, সুন্দরপুর, সাপমারা, সুন্দর শাহর মাজার, কৈয়া পুকুরিয়া এবং পাবর্ত্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার কিছু অঞ্চলসহ পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ নিত্যদিনের কেনাকাটা এই বাজারেই করে। এখানকার মানুষ সারা দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই বাজারের মাধ্যমেই। এ ছাড়া স্কুল-কলেজ-মাদ্রাসা ও দূরবর্তী স্থানে যাতায়াতের মাধ্যমও এই বাজার। অথচ এই বাজারের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই এলাকার মানুষের। তার জন্য সারা বছর নানা দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীর। হালদা নদীর ওপর স্থায়ী পাকা সেতু না থাকায় এই অবস্থা। বর্ষাকালে সেতুটি পানির তোড়ে ভেঙে যায়। আবার কখনো ডুবে যায়। তখন শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাওয়া সম্ভব হয় না। এই সেতু থেকে কয়েক শ গজ দূরেই সব শিক্ষাপ্রতিষ্ঠান।

স্থানীয় লোকজন জানান, দুই দশক আগে এলাকাবাসী চাঁদা, মুষ্টিচাল এবং ধান সংগ্রহ করে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে কাঠের এই সেতু নির্মাণ করে। পরে এটি রক্ষণাবেক্ষণে স্থানীয়ভাবে ইজারা দেওয়া হয়। ইজারাদারকে সেতু পারাপারে লোকজনকে পরিমাণমতো ধান কিংবা টাকা পরিশোধ করতে হয়। তা দিয়েই সেতুর রক্ষণাবেক্ষণ বা মেরামতের কাজ চলে। কিন্তু বর্তমানে সেতুর টোল আদায় বন্ধ রয়েছে। লোকজনের মতে, আগে স্থানীয় বা জাতীয় নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন। কিন্তু কেউ কথা রাখেননি। হাপাঁনিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘আমাদের বাজার-ব্যবসা, স্কুল-কলেজ, মাদ্রাসা—সবই নদীর ওপারে নারায়ণহাট গ্রামে।’

নারায়ণহাট বাজারের ব্যবসায়ী মো. সেলিম উদ্দিন বলেন, ‘১৫-২০ বছর ধরে আমরা সেতুর জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো তা হয়নি। ভবিষ্যতেও হবে বলে মনে হয় না।’

নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদার বলেন, হালদা পার হলেই গহিরা-হেঁয়াকো প্রধান সড়ক। কিন্তু সেতু না থাকায় ওই সড়কের সঙ্গে মানুষের সরাসরি কোনো যোগাযোগ নেই। এ বিষয়টি স্থানীয় সাংসদকে অবহিত করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, ‘সেতুটি দেখেছি। এটির সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দেওয়া হবে।’

স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘সেখানে সেতু নির্মাণ করার দাবি দীর্ঘদিনের। ইউপি চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’