নগরের বিভিন্ন এলাকায় ১০ হাজারেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। ৩৮ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে আছে তামাকজাত পণ্য, জাহাজভাঙা শিল্প, যন্ত্রাংশ ও রাসায়নিক তৈরির কারখানা, পরিবহন সেক্টর এবং গৃহস্থালির কাজ।
১১ জুন নগরের শিশু একাডেমী মিলনায়তনে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনবিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। উন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অপরাজেয় বাংলাদেশের সহযোগিতায় এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন। এতে প্রধান তিনি ছিলেন জেলা প্রশাসক মেজবাউদ্দিন। মূল প্রবন্ধ পাঠ করেন ওয়ার্ল্ড ভিশনের রিজওনাল অ্যাডভোকেসি, কমিউনিকেশন অ্যান্ড চাইল্ড প্রটেকশনের সমন্বয়কারী গোলাম এহছানুল হাবীব। সভা পরিচালনা করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। বৈঠকে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রোনাল্ড প্রবীর চিশিক। এ ছাড়া শিশুশ্রম হ্রাসকরণ প্রকল্প বিষয়ে মাল্টিমিডিয়া উপস্থাপন করেন রবার্ট কমল সরকার।
জেলা প্রশাসক মেজবাউদ্দীন বলেন, শিশুশ্রম পুরোপুরি দূর করা সম্ভব না হলেও কমিয়ে আনা যায়। এ জন্য বিদ্যালয়ে শিশুদের টেনে আনতে বিদ্যালয়ভিত্তিক খাদ্য কর্মসূচি (স্কুল ফিডিং) চালুর বিষয়টি বিবেচনায় আছে।
সভায় নগরের মো. ইউসুফ ও রেশমি আক্তার নামের দুই শিশু শ্রমিক নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে।