১০০ কিলোমিটার সৈকতে হাজারো অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের সমিতিপাড়া এলাকায় বালিয়াড়ি দখল করে ঝাউবাগানের ভেতর গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি। ছবিটি ১২ মার্চ দুপুরে তোলা l প্রথম আলো
কক্সবাজার সমুদ্রসৈকতের সমিতিপাড়া এলাকায় বালিয়াড়ি দখল করে ঝাউবাগানের ভেতর গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি। ছবিটি ১২ মার্চ দুপুরে তোলা l প্রথম আলো

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের আশপাশে ও ঝাউবাগানের ভেতরে গড়ে উঠেছে হাজারো ঘরবাড়িসহ অবৈধ নানা স্থাপনা। এর ফলে সৌন্দর্য হারাচ্ছে সমুদ্রসৈকত।

জেলা প্রশাসন সূত্র জানায়, গত ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের সুগন্ধা পয়েন্ট ও ইনানী সৈকত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। স্থাপনার মধ্যে রয়েছে বসতবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

ইনানী সৈকতে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস। তিনি বলেন, শহরের নাজিরারটেক থেকে দক্ষিণ দিকে ১০০ কিলোমিটার সৈকত ও ঝাউবাগানে পাঁচ হাজারের মতো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। পর্যায়ক্রমে সব স্থাপনা উচ্ছেদ করা হবে।

বন বিভাগের কর্মকর্তা ও পরিবেশ সংগঠনের নেতারা জানান, সমুদ্র উপকূলের বালুচরে সৃজিত ঝাউবাগানে ঝুপড়ি তৈরি হওয়ায় গাছ উজাড়ের পাশাপাশি চুরি, ছিনতাই ও মাদকদ্রব্য বিক্রি আশঙ্কাজনক হারে বাড়ছে।

১২ মার্চ সকালে সৈকতের সমিতিপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, ঝাউবাগান দখল করে তৈরি করা হয়েছে হাজারো ঘরবাড়ি ও দোকানপাট। ঝাউবাগানের সামনে সৈকতের বালিয়াড়িতে গিয়ে দেখা গেছে একই অবস্থা। বালিয়াড়ি দখল করে তৈরি হয়েছে অসংখ্য ঘরবাড়ি।

স্থানীয় লোকজন জানায়, গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বালিয়াড়ি থেকে ১২টি ঘরবাড়ি উচ্ছেদ করেছে। কিন্তু কয়েক দিন পর উচ্ছেদ করা বালিয়াড়িতে পুনরায় ঘরবাড়ি তৈরি হয়েছে। এলাকার কিছু ব্যক্তি ভাসমান লোকজনের কাছে বালিয়াড়ি বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছেন।

এ প্রসঙ্গে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া বলেন, সমুদ্রসৈকতের নাজিরারটেক, মোস্তাকপাড়া ও সমিতিপাড়ার বালিয়াড়ি দখল করে বহু অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে একাধিকবার অভিযান চালিয়ে বালিয়াড়ি থেকে ২২টি বসতবাড়ি ও বালিয়াড়ি ঘিরে রাখার ২২টি বাঁশের ঘেরা উচ্ছেদ করা হয়েছে। অন্য স্থাপনাগুলোও দ্রুত উচ্ছেদ করা হবে।

সমিতিপাড়ায় বালিয়াড়িতে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছেন কুতুবদিয়ার আলী আকবর পাড়ার নাসির উদ্দিন। তিনি বলেন, ঘর তৈরির বালিয়াড়িটি তিনি স্থানীয় মোস্তাক আহমদ নামের এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকায় কিনেছেন। এরপর ২৮ হাজার টাকা খরচ করে একটি বাড়ি তৈরি করে সপরিবার থাকছেন।

এ ব্যাপারে মোস্তাক আহমদ বলেন, ‘আমি বালিয়াড়ি বিক্রি করছি না। এখানে ভাসমান লোকজন বসবাস করে। তাঁরা কুতুবদিয়া মহেশখালী থেকে বাস্তুহারা হয়ে এখানে এসেছেন। এসব লোক ঘর তৈরি করার সময় তাঁদের সাহায্য করি।’

আরও কয়েকটি ঘরের বাসিন্দারা বলেন, তাঁরাও ৩০ থেকে ৪০ হাজার টাকায় স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম, জাকারিয়া, ছৈয়দ আলম, কায়সারসহ বেশ কয়েকজন ব্যক্তির কাছ থেকে বালিয়াড়ির দখল স্বত্ব ক্রয় করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য বালিয়াড়ি বিক্রিতে জড়িত ব্যক্তিদের খোঁজ করেও তাঁদের পাওয়া যায়নি।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবদুস সোবহান বলেন, কক্সবাজার শহরের কলাতলী মোড়, সুগন্ধা ও লাবণী পয়েন্ট দিয়ে নেমে পর্যটকেরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেন। কিন্তু ওই তিনটি পয়েন্টের সড়কের উভয় পাশ দখল করে তৈরি হয়েছে অসংখ্য অবৈধ দোকানপাট। এর ফলে পর্যটকের হাঁটার জায়গা সংকীর্ণ হয়ে পড়ে। গত ২০ ফেব্রুয়ারি সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখের রাস্তার উভয় পাশে তৈরি করা ৬৫টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। অন্যান্য স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।

সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি, দরিয়ানগর, সোনারপাড়া, ইনানী, পাটোয়ারটেক, বাহারছড়া, বড়ডেইল ও টেকনাফ সৈকতের অন্তত ৭০ কিলোমিটার লম্বা ঝাউবাগানের ভেতরেও তৈরি করা হয়েছে হাজারো ঘরবাড়িসহ অবৈধ স্থাপনা।

স্থানীয় লোকজন জানান, বেশির ভাগ অবৈধ স্থাপনায় থাকছে মিয়ানমারের রোহিঙ্গারা। তারা ঝাউবাগান উজাড় করে ঘরবাড়ি তৈরির পাশাপাশি উপকূল থেকে নিষিদ্ধ জালে চিংড়ি পোনা আহরণ করে জীবিকা নির্বাহ করছে। অনেকে ইয়াবাসহ মাদক পাচার, বনাঞ্চলের গাছ নিধনসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। এ কারণে এলাকায় চুরি–ডাকাতিসহ ছিনতাই বেড়ে গেছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়ার সহকারী বন সংরক্ষক সরওয়ার আলম বলেন, সৈকতের মনখালী, চোয়াংখালীসহ বিভিন্ন এলাকার ঝাউবাগান উজাড় করে অসংখ্য ঘরবাড়ি তৈরি করেছে রোহিঙ্গারা। কিন্তু এ ক্ষেত্রে বন বিভাগ কিছুই করতে পারছে না। ঝাউবাগান রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপকূলীয় বন বিভাগের। কিন্তু বিশাল ঝাউবাগান নিয়ন্ত্রণ করার মতো জনবল তাদের নেই। তারপরও বন বিভাগ বিভিন্ন সময় একাধিক অভিযান চালিয়ে ঝাউবাগানের ভেতর থেকে পাঁচ শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করেছিল।

উখিয়া উপজেলা নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বলেন, চোয়াংখালী, নিদানিয়া, ইনানী ও সোনারপাড়া উপকূলের ঝাউবাগান থেকে গত কয়েক বছরে অন্তত ৫০ হাজারের মতো ঝাউগাছ উজাড় হয়েছে। জীবিকার স্বার্থে রোহিঙ্গারা গাছ কাটায় নেমেছে। ঝাউবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় রোহিঙ্গারা পর্যটকদের ধারালো অস্ত্র ধরে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের বলেন, বিশ্বের দীর্ঘতম সৈকত বা বালিয়াড়ি দখল করে স্থাপনা তৈরির সুযোগ কারও নেই। এরপরও প্রশাসনের অগোচরে অনেকে অবৈধ স্থাপনা তৈরি করছে। সৈকতের সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।