১০০ বছর ধরে লাঠিখেলার মেলা

পূজাকে কেন্দ্র করেই যাত্রা শুরু সে মেলার। তবে মেলা পূর্ণতা পেয়েছে লাঠিখেলায়। গ্রামেই রয়েছেন লাঠিয়াল। আর পাশের গ্রামে বাস ঢুলিদের। ঢোলের তালে লাঠিখেলার এই মেলা যেন দেওগ্রামবাসীর আনন্দ উৎসব। তাই মেলা মানেই আশপাশের আরও দশ গ্রামের মানুষের ঢল। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের দরগাতলীতে ১০০ বছর ধরে লাঠিখেলাকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে এই মেলার।
প্রতিবছরই শারদীয় দুর্গাপূজার দশমীর দুই বা তিন দিন পর এক দিনের এই লাঠিখেলার মেলা বসে। এবারও মেলা বসেছিল ১৫ অক্টোবর। মেলার আগের দিন থেকেই স্থানীয় লাঠিখেলোয়াড়েরা পাড়ায় পাড়ায় লাঠিখেলার কসরত দেখান। দেওগ্রামের আবদুর রহমান বলেন, ‘পাড়ায় পাড়ায় লাঠিখেলার উদ্দেশ্যই হলো যেন বাড়িতে থাকা মেয়েরা এ খেলা দেখতে পান। এ ঐতিহ্য মেলা আয়োজনের শুরু থেকেই, যা এখনো অব্যাহত।’

দুপুর থেকে মূল মেলা প্রাঙ্গণে সন্ধ্যা পর্যন্ত চলে লাঠিয়ালদের লাঠিখেলা। ঢোলক ও অন্যান্য বাদ্যের তালে তালে লাঠিয়ালেরা তাঁদের কসরত দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
মেলায় গিয়ে দেখা গেল, পণ্যের পসরা নিয়ে সেখানে বসে আছেন বিভিন্ন গ্রাম থেকে আসা ব্যবসায়ীরা। মেলায় পাওয়া যায় মিষ্টান্ন, বাচ্চাদের খেলনা, চুড়ি, ফিতা, আলতা থেকে ঘরগেরস্থালির জিনিসপত্র। কুমাররা নিয়ে আসেন মাটির হাঁড়ি-পাতিল। প্রচুর বিক্রি হয় মাটির তৈরি প্রদীপ আর পানের বাটা। মেলার ঐতিহ্য বগুড়ার দুপচাঁচিয়ার ঝুড়ি (কানমুচরি) আর জিলাপি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নাগরদোলাও।
মেলা উপলক্ষে গ্রামের বাড়িতে বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনও আসে এক দিন আগে থেকে। বাড়িতে খই, মুড়কি, নারকেলের ও চালের আটার নাড়ু বানানো হয়। মেলার দিন দই কিনে নিয়ে মুড়কি দিয়ে খাওয়ার রেওয়াজ এক দিনের জন্য হলেও ধরে রেখেছেন দেওগ্রামবাসী।
লাঠিখেলা যেন গ্রাম থেকে হারিয়ে না যায়, সে জন্য তাঁদের চেষ্টা অব্যাহত রেখেছেন গ্রামবাসীরা—বললেন মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান। জানালেন, দেওগ্রামের লাঠিয়ালরাসহ আশপাশের গ্রামগুলোর সাত-আটটি দল খেলায় অংশ নেয়।
মেলার লাঠিখেলায় দীর্ঘদিন থেকে ঢোল বাজান ৫০ বছর বয়সী কাজল মালী ও ৩৫ বছরের চন্দন মালী। বাদ্য-বাজনা বাজানো তাঁদের পেশা। চন্দন বলেন, তাঁদের বাপ-দাদারাও এ মেলায় ঢোল বাজিয়েছেন। ঢোলের বাজনা ছাড়া লাঠিয়ালেরা লাঠি খেলতে পারেন না। এ খেলার বাজনাও আলাদা। তাঁরা চার ভাই প্রতিবছর মেলায় লাঠিখেলার বাদ্য-বাজনা বাজান।
গোড়াপত্তনের গল্প

দশমীর মেলা দেখেই লাঠিখেলার মেলা করার ইচ্ছা জাগে দেওগ্রামের অবস্থাপন্ন কৃষক পরিবারগুলোর। সেই ভাবনা থেকেই লাঠিখেলার মেলা। দশমীর দুই দিন পর মেলা বসবে দেওগ্রামের দরগাতলীর মাঠে। এ সিদ্ধান্ত কার্যকর করতে গ্রামবাসীকে নিয়ে আলোচনায় বসেন স্থানীয় মুরব্বিরা। দেওগ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আজিজুল ইসলাম (৭০) বলেন, ‘বয়তুল্লাহ সরকার, কিনা মন্ডল, রবিয়া মন্ডল, ছবিয়া মন্ডল, আফুর উদ্দিনসহ গ্রামের মাতব্বর শ্রেণির লোকজন ১০০ বছরেরও বেশি সময় আগে এ মেলার আয়োজন শুরু করে। মেলা করা হবে এ আনন্দে গ্রামের সব মানুষ ওই সময় সহযোগিতার হাত বাড়ান।’
লাঠিখেলার মেলা কমিটির সভাপতি দেওগ্রামের মন্ডলপাড়ার আবদুল কুদ্দুস মন্ডল (৭৫) জানালেন, গ্রামের মানুষেরা আনন্দের অনেক কিছু থেকে বঞ্চিত। বছরে একবার হলেও লাঠিখেলাকে ঘিরে আনন্দ উদ্যাপন করে তাঁরা। এ কারণেই ঐতিহ্যের মেলাকে ধরে রাখা হয়েছে।