১০০ বছর পর হিটলারের ছবি!

নুরেমবার্গ শহরের নাম এলে নুরেমবার্গ ট্রায়ালের কথাই মনে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলারের নেতৃত্বে জার্মানির নাৎসি বাহিনীর মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচার আদালত বসেছিল জার্মানির এই শহরেই। ১৯৩৩ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত হিটলারের রাজনৈতিক উত্থানের অন্যতম ক্ষেত্রও এই শহর। মজার ব্যাপার হচ্ছে—আগামী শনিবার ঠিক ১০০ বছর আগে আঁকা হিটলারের একটা জলরং ছবির নিলামও বসছে এই নুরেমবার্গ শহরেই।
১৯১৪ সালে মিউনিখ শহরের পুরোনো টাউন হলের ওই ছবিটা এঁকেছিলেন সেকালের তরুণ চিত্রশিল্পী হিটলার। জলরঙে আঁকা চিত্রকর্মটি প্রায় ৫০ হাজার ইউরো দামে বিকোতে পারে বলে আশা করছেন নিলামের আয়োজক জার্মানির নুরেমবার্গের ভাইল্ডার অকশন হাউস। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
১৯০৫ সাল থেকে শুরু করে ১৯২০ সাল পর্যন্ত অনেক ছবি এঁকেছিলেন তরুণ আঁকিয়ে এডলফ হিটলার। সে সময়ে হিটলারের আঁকা প্রায় দুই হাজার চিত্রকর্মের মধ্যে একটা মিউনিখের ওই টাউন হলের ছবি। অবশ্য নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠার প্রায় ১৫ বছরের চেষ্টাতেও খুব একটা সুফল পাননি তিনি।

হিটলার নিজেও তাঁর আত্মজীবনী ‘মাইন কাম্ফ’-এ লিখেছেন—ভিয়েনা একাডেমি অব ফাইন আর্টসের পুনঃ পুনঃ প্রত্যাখ্যানে শিল্পী হয়ে ওঠার বাসনা গুঁড়িয়ে যাচ্ছিল। হিটলারের জীবনীকারদের কেউ কেউ বলেছেন, শিল্পী জীবনের হতাশা থেকেই একসময় ছবি আঁকা ছেড়ে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিয়েছিলেন পরবর্তী সময়ে জার্মানির নাৎসি স্বৈরশাসক হয়ে ওঠা হিটলার।
চিত্রশিল্পী হিসেবে ‘গুরুত্বপূর্ণ না হলেও’ কেন হিটলারের চিত্রকর্মের নিলাম আয়োজন করা হচ্ছে তা জানতে চাওয়া হয়েছিল নিলামঘরটির প্রধান ক্যাথরিন ভাইল্ডারের কাছে। রয়টার্সকে তিনি বলেন, ‘এটা একটা ঐতিহাসিক দলিল। নুরেমবার্গেই এটা ছিল। তাই এখানেই এর নিলাম হচ্ছে।’ নিলামের এই আয়োজক আরও জানান, ‘আমেরিকা, জাপান এবং এশিয়ার বিভিন্ন জায়গা থেকে বিশেষ এই ছবিটার বিষয়ে বিপুল আগ্রহ দেখিয়েছেন সম্ভাব্য ক্রেতারা।’
মিউনিখ টাউন হলের এই জলরঙের ছবিটির বর্তমান মালিক নুরেমবার্গ শহরের প্রায় ৭০ বছর বয়সী দুই বোন। তাঁরা চিত্রকর্মটির সঙ্গে ১৯১৬ সালে হিটলারের স্বাক্ষর করা চিত্রকর্মটি বিক্রির আসল রসিদটিও সরবরাহ করেছেন বলে জানান নিলামের আয়োজক। এর আগে হিটলারের আঁকা পাঁচটি ছবি নিলামে প্রায় ৮০ হাজার ইউরোতে বিকিয়েছিল। তবে, অন্যান্য নিলামে হিটলারের চিত্রকর্মগুলো পাঁচ হাজার ইউরোর বেশি দাম পায়নি।