মহেশখালীর মাতারবাড়ি-জনতাবাজার সড়কের ১০০ মিটার জায়গার সংস্কারকাজ শুরু হওয়ার কথা ১ মার্চ, শেষ করার কথা ৩০ জুন। কিন্তু দুই মাস পরও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান এন্টারপ্রাইজ। গত বুধবার বৃষ্টি হওয়ায় সড়কে সরাসরি গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা কাঁচা হওয়ায় হেঁটেও চলাচল করা যাচ্ছে না। ফলে ওই সড়কে চলাচলকারী মাতারবাড়ি ও ধলঘাটার দেড় লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, মাতারবাড়ি-জনতাবাজার সড়কের প্রায় ১০০ মিটার কাঁচা রাস্তা সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গত ফেব্রুয়ারিতে প্রায় দেড় লাখ টাকা বরাদ্দ দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান এন্টারপ্রাইজের ১ মার্চ সংস্কারকাজ শুরু করার কথা ছিল।এ ব্যাপারে ঠিকাদার আতাউর রহমান বলেন, ‘দুই-এক দিনের মধ্যে কাঁচা রাস্তায় ব্রিক সলিংয়ের কাজ শুরু করা হবে।’সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ি সেতুর পূর্ব পাশে একটি কালভার্ট ভেঙে পড়ে আছে। কালভার্টের আরও পূর্বে সড়কের ইট উঠে গিয়ে বেহাল অবস্থা হয়েছে। শুষ্ক মৌসুমে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। তবে বৃষ্টি হলে কাঁচা রাস্তা দিয়ে গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটেও চলাচল করা যায় না। রাজঘাট এলাকার আবদুল আলিম বলেন, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে মাতারবাড়ি-জনতাবাজার সড়কের একটি কালভার্ট ভেঙে যায়, পরে আর সেটির সংস্কার হয়নি। চার কিলোমিটার দীর্ঘ সড়কের মধ্যে মাত্র ১০০ মিটার কাঁচা রাস্তা সংস্কার না হওয়ায় মাতারবাড়ি ও ধলঘাট ইউনিয়নের মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, জনগণের স্বার্থে জরুরি ভিত্তিতে ১০০ মিটার কাঁচা রাস্তা সংস্কার করা দরকার। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ বলেন, সংস্কারকাজ শুরু করার জন্য বেশ কয়েকবার ঠিকাদারকে বলা হয়েছে। কিন্তু গত শুক্রবার পর্যন্ত সংস্কারকাজ শুরু করেননি। গত বুধবার বৃষ্টি হওয়ার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কার করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বলা হয়েছে।