খাগড়াছড়ি সদরের এককালের স্রোতস্বিনী কমলছড়ি খাল এখন মৃতপ্রায়। এর ফলে সদরের যাদুরামপাড়া, হেডম্যানপাড়া, নতুনপাড়া, পাইলটপাড়া ও কমলছড়িমুখ এলাকার প্রায় ১০০ হেক্টর জমিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে। এর মধ্যে পাইলটপাড়া ও কমলছড়িমুখ এলাকার ১৫ হেক্টর জমিতে তীব্র সেচ-সংকট দেখা দিয়েছে।এলাকার বয়োজ্যেষ্ঠ বাসিন্দাদের ধারণা, বোরো চাষ বৃদ্ধি পাওয়ায় এলাকার কৃষকেরা ব্যাপক হারে খালের পানি ব্যবহার করছেন। এ ছাড়া খালের উজানে বনও উজাড় হয়ে গেছে। মূলত এ দুই কারণে খালের পানি শুকিয়ে যাচ্ছে। এসব এলাকার কৃষকেরা জানান, বোরো মৌসুমের ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসে পানির সংকট সবচেয়ে তীব্র আকার ধারণ করে। খালের উজানে সেচের জন্য পানি তোলা হলে ভাটি এলাকায় পানির সংকট সৃষ্টি হয়। এ কারণে পাইলটপাড়া ও কমলছড়ি এলাকায় সেচসংকট দেখা দিয়েছে।সরেজমিনে পাইলটপাড়া ও কমলছড়ি এলাকায় গিয়ে দেখা যায়, খালের ধারে অগভীর নলকূপ বসিয়ে পানি তোলা হচ্ছে। কিন্তু খালে পানির প্রবাহ না থাকায় চাষিরা বাধ্য হয়ে নলকূপ বসিয়েছেন বলে জানালেন। পাইলটপাড়ার কৃষক শংকর চাকমা (৫৯) বলেন, ‘উজানে সেচের পানি তোলা হলে খালে পানি থাকে না। তাই ঠিকমতো জমিতে সেচ দিতে পারি না। গভীর রাতে উজানে পানি তোলা বন্ধ হলে বা বিদ্যুৎ না থাকলে খাল দিয়ে কিছু পানি আসে। সেই পানিই এখন আমাদের ভরসা।’কমলছড়ি গ্রামের কৃষক বৃষকেতু চাকমা (৪৭) বলেন, ‘আগে পানির সমস্যা হতো না। এখন দিন দিন পানির সংকট বৃদ্ধি পাচ্ছে। বিকল্প কোনো উপায় বের করতে না পারলে ভবিষ্যতে আর চাষাবাদ করতে পারব না।’ খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা অনুজ বড়ুয়া বলেন, ‘কমলছড়ি খালে পানিসংকট আছে, এটা ঠিক। কিন্তু কৃষকেরা কিছু উদ্যোগ নিলে এ-সংকট কাটিয়ে ওঠা সম্ভব। কমলছড়ি খাল একেবারে শুকিয়ে যায়নি। সামান্য হলেও পানি সব সময় প্রবাহিত হয়। পাইলটপাড়া ও কমলছড়ি এলাকার কৃষকেরা খালের মধ্যে গর্ত তৈরি করে বা অস্থায়ী বাঁধ নির্মাণ করে পানি ধরে রাখার ব্যবস্থা করতে পারেন। এভাবে পানি-সংকট মোকাবিলা করা সম্ভব।’ বৃষকেতু চাকমা আরও বলেন, ‘কৃষকদের উচিত সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজ উদ্যোগে এসব ব্যবস্থা করা।’