লোকবলের অভাবে মহেশখালীতে বন বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এখানে কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে ১০২টি। তার মধ্যে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ৬৬টি পদ। এ ছাড়া বন বিভাগের আটটি বিটের অফিসও নেই। ভাড়া বাসায় জোড়াতালি দিয়ে এসব বিটের কাজকর্ম চলে। বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ ও মহেশখালী বন বিভাগের ১১টি বিট অফিসের মধ্যে আটটি অফিস ভেঙে যায়। এরপর নতুন কোনো ভবন বা ঘর নির্মাণ করা হয়নি। এগুলো হলো সোনাদিয়া, ঝাপুয়া, বড়দিয়া, পোকখালী, ঘটিভাঙ্গা, দিনেশপুর, মুদিরছড়া ও শাপলাপুর বিট অফিস। বাকি তিনটি বিট অফিসও ঝুঁকিপূর্ণ। এসব বিটে কর্মকর্তা-কর্মচারী মিলে ১২০ জন মানুষ কাজ করার কথা, সেখানে আছেন মাত্র ৩৬ জন। এঁরা উপকূলীয় প্যারাবন ও বন রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে ১০২টি পদের মধ্যে ৬৬টি পদ শূন্য থাকায় মহেশখালীতে বন বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।কক্সবাজারের উপকূলীয় বনসংরক্ষক এনামুল হক ভূঁইয়া বলেন, ‘মহেশখালীতে ১৮ হাজার একর সংরক্ষিত পাহাড়ি বনাঞ্চল ও উপকূলীয় চর এলাকায় ১০ হাজার একর প্যারাবন রয়েছে। এই বিশাল এলাকা রক্ষা করতে যে লোকবল প্রয়োজন তা আমাদের নেই। এ জন্য বন রক্ষা করতে গিয়ে হিমশিম খাচ্ছি। লোকবল বাড়াতে এবং বিট অফিস নির্মাণ করতে সংশ্লিষ্ট অধিদপ্তরে আবেদন করে কোনো কাজ হয়নি।’