১০৬ বছরের মুক্তিযোদ্ধা কালু স্বীকৃতি চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৩৯ বছরেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়নি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাতিরঘোনা গ্রামের মোহাম্মদ কালু। বর্তমানে তাঁর বয়স ১০৬ বছর। উখিয়ার সবচেয়ে প্রবীণ এ মানুষটি এখনো চোখে চশমা ছাড়া পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন। পায়ে হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন। কাজ কর্ম করতে পারেন স্বাভাবিকভাবে। ১৯৭১ সালে সমুখযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এখন তাঁর একমাত্র ইচ্ছা—মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়ে বাংলার মাটিতে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাতিরঘোনা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে মোহাম্মদ কালু সাংবাদিকদের জানান, ১৯০৪ সালের ১০ মার্চ তাঁর জন্ম। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী তাঁর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। তখন ভয়ে নিজগ্রাম ছেড়ে টেকনাফের নাইট্যং পাহাড়ে গিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আশ্রয় নেন। সেখানে অদম্য সাহসে হানাদারদের সঙ্গে সমুখযুদ্ধ করেন। হানাদার বাহিনী তাঁকে বেশ কয়েকবার গুলি করে হত্যার চেষ্টা চালায় এবং তাঁকে ধরে নিয়ে তাদের আস্তানায় নিয়ে যায় কিন্তু কোনোভাবে বেঁচে যান। মোহাম্মদ কালু জানান, যুদ্ধের সময়ে পাকিস্তানিদের দমনে তাঁর কৃতিত্বের কথা এলাকার সবাই জানে। দেশ স্বাধীন হওয়ার পর অনেকবার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু কাজ হয়নি। তাঁর জীবনের শেষ ইচ্ছা অন্তিম শয়ানে যেন তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। উখিয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার পরিমল বড়ুয়া জানান, মোহাম্মদ কালু মুক্তিযুদ্ধের সময় তাঁদের সঙ্গে যুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর এটিকে তেমন গুরুত্ব না দেওয়ায় তালিকায় তাঁর নাম ওঠেনি। এখন সে যাছাই বাছাই কমিটির কাছে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেছে।