‘স্বামীর মৃত্যুর পর চার ছেলেমেয়েকে নিয়ে বিপদে ছিলাম। অন্যের ঘরে কাজ করে কোনোমতে দিনযাপন করছিলাম। এখন ১৫ হাজার টাকায় মাছের ব্যবসা করে স্বাবলম্বী হতে চেষ্টা করব।’১০ অক্টোবর জাতীয় মহিলা সংস্থা কক্সবাজার জেলা কার্যালয়ে ঋণ নেওয়ার সময় এসব কথা বলেন সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মামুনপাড়ার রাশেদা আকতার। আত্মকর্মসংস্থানের জন্য মহিলা সংস্থার পক্ষ থেকে তাঁকে ১৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়। ২২ কিস্তিতে এই টাকা পরিশোধ করতে হবে। চৌফলদণ্ডির রাখাইন গৃহবধূ মে মা চিং জানান, তিনিও ঋণের ১৫ হাজার টাকা দিয়ে শুঁটকি মাছের ব্যবসা করবেন। জেলার খুরুশকুল, চৌফলদণ্ডি, ঈদগাঁও, ইসলামাবাদ, ঝিলংজা ও কক্সবাজার পৌরসভার ১০৭ জন অসহায় নারীর মধ্যে মোট ১৬ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারপারসন কানিজ ফাতেমা আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমীর আব্দুল্লাহ মো. মঞ্জুরুল করিম ও সদর উপজেলার আ. লীগের সভাপতি মনিরুল আলম চৌধুরী। বক্তব্য দেন মহিলা সংস্থার জেলা কো-অর্ডিনেটর নসু মিয়া সিকদার, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের প্রমুখ।